আবার শীর্ষে আমির খান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাতের ঘুম হারাম করার মতোই ঘটনা! ফিল্মফেয়ার-এর মতো ঐতিহ্যবাহী ম্যাগাজিন সাত-আট বছর ধরে বলিউড রাজ্যের সেরা ক্ষমতাধরদের বের করছে। এই তালিকা থেকে কেউ ছিটকে পড়লেই হলো! প্রযোজক, পরিবেশকেরা সহজে তাঁদের প্রতি আকৃষ্ট হন না। পাশাপাশি তালিকায় সুরক্ষিত অবস্থানে থাকা তারকাদের নিয়েও মাতামাতি চলে একটি বছর। ফিল্মফেয়ার-এর দাবি, দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ বাজার গবেষণা এবং তথ্য সংগ্রহের কোম্পানি AC Nielsen-ORG MARG এ জরিপটি পরিচালনা করে। বলিউডের প্রায় সব শিল্পী, কলাকুশলী আমজনতার মধ্যে গোপনীয়তার সঙ্গে জরিপটি পরিচালনা করা হয়। সুতরাং এই জরিপই সবচেয়ে নিরপেক্ষ। এই নিরপেক্ষ জরিপে তৃতীয়বারের মতো ক্ষমতার রাজা নির্বাচিত হয়েছেন আমির খান। তাঁর সর্বশেষ তিন ছবি (তারে জামিন পার, গজনি, থ্রি ইডিয়টস) প্রযোজকের পকেটে ভরেছে ৮২৫ কোটি রুপি! শুধু থ্রি ইডিয়টসই এখন পর্যন্ত ঘরে তুলেছে ৩৭৫ কোটি রুপি। সুতরাং চোখ বন্ধ করে আমিরকেই সবচেয়ে ক্ষমতাধর মানতে হয়। ‘কিং খান’ শাহরুখ অবশ্য হিসাব-কিতাবে এবারও ‘কিং খান’ হতে পারলেন না। তাঁর অবস্থান এবারও আমিরের পরে। অবশ্য বিল্লুর অতিথি চরিত্র বাদে কি-ই বা করেছেন ২০০৯ সালে? তাও ব্র্যান্ড ইমেজের বদৌলতে ২ নম্বর আসনটি এবারও শাহরুখের দখলে। তবে পরিচালক রাজকুমার হিরানি যোগ্যতার পরীক্ষা দিয়েই ৩ নম্বর আসনটি কবজা করেছেন। হটিয়ে দিয়েছেন করণ জোহর ও যশ চোপড়াদের। আজ পর্যন্ত রাজুর নিদের্শনায় সব কটি ছবি (মুন্নাভাই এমবিবিএস, লাগে রাহো মুন্নাভাই, থ্রি ইডিয়টস) হিট থেকে ব্লকবাস্টার হিট। জোড়া অস্কারের জোরে এ আর রহমান এবার ৮ থেকে সোজা ৪ নম্বর আসনে। করণ জোহর গত বছর ছবি পরিচালনা না করলেও প্রযোজক হিসেবে ওয়েক আপ সিড-এর মতো হিট ছবি উপহার দিয়েছেন। প্রযোজক হিসেবে তিনিই এবার ১ নম্বরে। গতবারের ১ নম্বর প্রযোজক যশ রাজ ফিল্মসকে সম্মিলিত তালিকায় ৬ নম্বর আসন নিয়েই সন্তুষ্ট থাকতে হচ্ছে। গত বছরের প্রথম হিট নিউইয়র্ক যশ রাজদেরই ছবি ছিল। অভিনেতা নম্বর ওয়ান আমির খান সম্মিলিত তালিকায় আরও এক আসনের মালিক হয়েছেন—প্রযোজক হিসেবে লগান, জানে তু ইয়া জানে না, তারে জামিন পার—সব কটি হিট ছবি বগলদাবা করার পর পিপলি (লাইভ), দিল্লি বেলি, ধোবি ঘাট—এই তিনটি কম বাজেটে বড় ‘ধামাকা’ ছবি মুক্তি দিতে যাচ্ছেন আগামী এক বছরে। হূতিক রোশন গত বছর অনুপস্থিত থাকলেও তাঁর অবস্থান অক্ষুণ্ন রয়েছে ৯ নম্বরে।ফিল্মফেয়ার-এর যুক্তি, ক্ষমতাবান তাঁরাই, যাঁরা দর্শকদের থিয়েটারে টেনে আনার ক্ষমতা রাখেন, যাঁদের পেছনে নির্মাতারা অর্থলগ্নি করার সাহস করতে পারেন, যাঁরা উচ্চপারিশ্রমিক দাবি করলেও নির্মাতারা পিছু হটেন না এবং যাঁদের নামই যথেষ্ট থাকে কোনো ছবি আলোচনায় আসার জন্য। এসব যুক্তি মেনে এবারও ‘হিরোইন নম্বর ওয়ান’ এবং সম্মিলিত তালিকায় অষ্টম হয়েছেন কারিনা কাপুর। কারিনা কামবখত ইশক ছবিতে সমালোচিত হয়েছিলেন। কিন্তু ছবি হিট। আবার ফ্লপ ম্যায় ঔর মিসেস খান্না, কুরবান-এ একমাত্র কারিনাই হয়েছিলেন প্রশংসিত। থ্রি ইডিয়টস মুক্তি না পেলে ক্যাটরিনা কাইফই হতেন হিরোইন নম্বর ওয়ান। তবে থ্রি ইডিয়টস সব হিসাব-নিকাশ পাল্টে দিয়েছে। ক্যাটরিনা নায়িকাদের মধ্যে দ্বিতীয় হয়েছেন, সম্মিলিত তালিকায় দশম। অবশ্য এই প্রথম সম্মিলিত তালিকায় ক্যাটের জায়গা হলো। নায়িকাদের মধ্যে প্রিয়াঙ্কা চোপড়া বড় ধরনের কোনো চমক সৃষ্টি করতে না পারলেও ৩ নম্বর আসনটি টিকিয়ে রেখেছেন। কোনো ছবি মুক্তি না পাওয়ার কারণে ঐশ্বরিয়া রাই বচ্চন ২ থেকে ৪ নম্বরে ছিটকে পড়েছেন। লাভ আজকাল দীপিকা পাড়ুকোনের আসন ৫ নম্বরে স্থিত রেখেছে। ৮ থেকে কাজল সোজা ৬ নম্বরে। মাই নেম ইজ খান-এর কারণে সংবাদ শিরোনাম হয়েছেন বলেই হয়তো। পার কল্যাণে বিদ্যা বালান সেরা ১০ নায়িকার তালিকায় প্রত্যাবর্তন করেছেন। বিপাশা বসুকে ৮ নম্বরে পাঠিয়ে বিদ্যা জায়গা করে নিয়েছেন ৭ নম্বরে। নতুনদের মধ্যে আলোচনায় থাকা সোনম কাপুর (৯) ও জেনেলিয়া (১০) প্রথমবারের মতো সেরা ১০-এ জায়গা পেলেন। সেরা-১০-এর আসন হারালেন গতবারের ৬ রানি মুখার্জি, ৯ প্রীতি জিনতা ও ১০ কঙ্কনা সেন শর্মা।নায়কদের মধ্যে আমির, শাহরুখ, হূতিকের পর ৪ থকে ১০ নম্বর আসনে রয়েছেন যথাক্রমে সালমান খান (৪), রণবীর কাপুর (৫), অক্ষয় কুমার (৬), অমিতাভ বচ্চন (৭), সাইফ আলী খান (৮), অভিষেক বচ্চন (৯), শহীদ কাপুর (১০)। এ তালিকায় নতুন কেউ প্রবেশ না করলেও গতবারের ৯ রণবীর কাপুর তিন হিটের বদৌলতে সরাসরি ৫ নম্বরে চলে এসেছেন। হটিয়ে দিয়েছেন অক্ষয় কুমার, অমিতাভ বচ্চনদের। পরিচালকদের মধ্যে সেরা ১০টি আসনে রাজকুমার হিরানি (১), করণ জোহর (২), ইমতিয়াজ আলী (৩), আমির খান (৪), সঞ্জয় লীলা বানসালি (৫), বিশাল ভরদ্বাজ (৬), আদিত্য চোপড়া (৭), যশ চোপড়া (৮), মণিরত্নম (৯), ফারহান আখতার (১০)। কে জানে, হয়তো বছর ঘুরতে না-ঘুরতেই এ তালিকা আবার পাল্টে যাবে। ক্ষমতাধরদের রাতের ঘুম আবার হারাম হবে। তবে এটা সত্যি, শেষ পর্যন্ত টিকে থাকবেন মেধাবীরাই; কাজের প্রতি নিষ্ঠাবান কর্মীদেরই জয় হবে সব সময়।  রুম্মান রশীদ খান তথ্যসূত্র: ফিল্মফেয়ার