
হালকা ঠান্ডায় গায়ে গরম কাপড় চাপিয়ে রাতভর উপমহাদেশের প্রখ্যাত শিল্পীদের সুরের ইন্দ্রজালে তন্ময় হয়ে থাকার সুযোগ এল আবার। আজ বৃহস্পতিবার থেকে দ্বিতীয়বারের মতো শুরু হচ্ছে চার দিনের বেঙ্গল উচ্চাঙ্গসংগীত উৎসব। রাজধানীর আর্মি স্টেডিয়ামে সন্ধ্যা ছয়টায় আনুষ্ঠানিকভাবে শুরু হবে এই সুরের অভিযাত্রা।
বেঙ্গল ফাউন্ডেশন কলকাতার সংগীত রিসার্চ একাডেমির (এসআরএ) সহযোগিতায় এই উৎসবের আয়োজন করছে। এবারও উৎসবের সার্বিক সহযোগিতা দিচ্ছে প্রথম আলো। সহযোগিতায় রয়েছে দ্য ডেইলি স্টার। মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে আইস মিডিয়া। রেডিও পার্টনার এবিসি রেডিও এবং সম্প্রচার সহযোগী মাছরাঙা টেলিভিশন। উৎসব চলবে আগামী ১ ডিসেম্বর পর্যন্ত। পরিবেশনা থাকবে প্রতিদিন সন্ধ্যা সাড়ে পাঁচটা থেকে ভোর পর্যন্ত। উৎসব উৎসর্গ করা হয়েছে জ্ঞানতাপস অধ্যাপক আবদুর রাজ্জাককে।
গত বছরও একই সময়ে একই স্থানে প্রথমবারের মতো চার দিনের উচ্চাঙ্গসংগীত উৎসবের আয়োজন করা হয়েছিল। এবার অর্ধশতাধিক শিল্পী অংশ নেবেন। আয়োজকেরা জানান, এবারের উৎসবে নতুন যাঁরা অংশ নিচ্ছেন তাঁদের মধ্যে আছেন বিখ্যাত সেতারবাদক ওস্তাদ রাইস খান, কর্ণাটক সংগীতের শিল্পী বিদুষী বম্বে জয়শ্রী, রুদ্রবীণাবাদক ওস্তাদ বাহাউদ্দিন ডাগর ও তবলাবাদক পণ্ডিত স্বপন চৌধুরী। এ ছাড়া গতবারে অংশ নেওয়া শিল্পীদের মধ্যে আছেন বিদুষী গিরিজা দেবী, পণ্ডিত শিবকুমার শর্মা, পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়া, ওস্তাদ রশিদ খান, বিদুষী কৌশিকী চক্রবর্তী, পণ্ডিত অজয় চক্রবর্তী, পণ্ডিত রাজন, সাজন মিশ্র প্রমুখ। বাংলাদেশের শিল্পীরা হলেন: কণ্ঠসংগীতে অসিত দে, সেতারে রিনাত ফোওজিয়া, মণিপুরি নাচে তামান্না রহমান ও তাঁর দল। এবারও অনলাইনে নাম নিবন্ধনের মাধ্যমে শ্রোতা-দর্শকেরা এই উৎসব উপভোগ করতে পারবেন।
আজ সন্ধ্যা ছয়টায় উৎসবের উদ্বোধন করবেন ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদ। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশে ভারতের হাইকমিশনার পঙ্কজ সরন, স্কয়ার গ্রুপের পরিচালক ও মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, এসআরএর নির্বাহী পরিচালক রবি মাথুর। বক্তব্য দেবেন বেঙ্গল ফাউন্ডেশনের সভাপতি আবুল খায়ের।
আজকের পরিবেশনা: উদ্বোধনী পর্বের পর শুরু হবে প্রথম দিনের অধিবেশন। শিল্পী বিশাল কৃষ্ণের পরিবেশনায় কত্থক নৃত্য দিয়ে শুরু হবে এই পর্ব। এরপর কণ্ঠসংগীত পরিবেশন করবেন বিদুষী গিরিজা দেবী। এ ছাড়া এদিন থাকবে গৌতম সরকার, ইফতেখার আলম প্রধান, স্বরূপ হোসেন ও জাকির হোসেনের তবলাবাদন, অয়ন সেনগুপ্তর সেতার বাদন, বিদুষী কৌশিকী চক্রবর্তীর কণ্ঠসংগীত, পণ্ডিত তেজেন মজুমদারের সরোদবাদন এবং পণ্ডিত রাজন ও পণ্ডিত সাজন মিশ্রের কণ্ঠসংগীত।
শিল্পীর মুখোমুখি: উৎসব উপলক্ষে গতকাল বিকেল সাড়ে তিনটায় রাজধানীর একটি হোটেলে বেঙ্গল ফাউন্ডেশন শিল্পী ও সাংবাদিকদের মতবিনিময়ের আয়োজন করে। ‘শিল্পীর মুখোমুখি’ নামের এই আয়োজনে অংশ নেন ভারতের পণ্ডিত অজয় চক্রবর্তী, পণ্ডিত তেজেন মজুমদার, পণ্ডিত সমর সাহা, বাংলাদেশের শিল্পী অসিত দে ও রিনাত ফোওজিয়া। সঞ্চালনা করেন নবনীতা চৌধুরী।
অজয় চক্রবর্তী বলেন, ‘আমি দায়িত্ব নিয়ে বলছি, এটিই বিশ্বের সবচেয়ে বড় উচ্চাঙ্গসংগীতের উৎসব।’ তেজেন মজুমদার বলেন, ‘ভালো শিল্পী থাকলেই হয় না, দর্শকদের সামনে তাঁদের তুলে ধরতে হয়। এ ধরনের উৎসব তাই খুবই প্রয়োজনীয়।’
উৎসবের সব প্রস্তুতি সম্পন্ন। সারা দিন কাজের শেষে রাতটি সুরের সাম্পানে ভেসে যেতে আগ্রহীরা আজ সন্ধ্যায় ছুটবেন আর্মি স্টেডিয়াম অভিমুখে।