আবার শুরু হচ্ছে জোছনা ও জননীর গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিমানবন্দর এলাকায় স্থাপিত লালন ভাষ্কর্য ভাঙচুরের ঘটনা ঘটেছিল। এরই নীরব প্রতিবাদে তখন বিটিভিতে হুমায়ূন আহমেদ তাঁর নির্মিত ধারাবাহিক নাটক জোছনা ও জননীর গল্পের সম্প্রচার বন্ধ করে দেন। মক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত এ ধারাবাহিকের প্রথম লটের কয়েকটি পর্ব প্রচারের পর বন্ধ হওয়ায় দর্শকেরা অবাক হয়। এ সময় তারা বেশ অসন্তুষ্ট হয়েছিল। এখন আশার কথা হচ্ছে, হুমায়ূন আহমেদ পরিচালিত জোছনা ও জননীর গল্প নাটকের শুটিং আবার শুরু হতে যাচ্ছে। এ বছরের ডিসেম্বর নাগাদ নাটকটির কাজ শুরু হবে বলে জানা গেছে। নাটকটির কাজ আরও আগে শুরু হতে পারত, তবে হুমায়ূন আহমেদ এ মাসে ‘ঘেটু পুত্র কমলা’র কাজ শুরু করবেন। সে জন্যই ডিসেম্বর মাসটাই শুটিংয়ের জন্য উপযুক্ত সময় বলে জানিয়েছেন তাঁর স্ত্রী মেহের আফরোজ শাওন। তিনি বলেন, ‘তখন নাটকটির প্রয়োজনে আমরা বিভিন্ন ধরনের সহযোগিতা পেয়েছিলাম। এখন সেটা কতটুকু পাব তা বলতে পারছি না। বিটিভি যদি সহযোগিতা করে, তাহলে হয়তো খুব ভালোভাবে নাটকের কাজ শেষ করা যাবে। নাটকের প্রয়োজনে আমরা ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর বাড়িটি ব্যবহার করেছিলাম। আশা করব, কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে ভাববেন।’ শাওন আরও বলেন, চিন্তাভাবনা আছে নাটকটি সম্প্রচার মার্চ মাসের ২৬ তারিখ থেকে শুরু করব এবং ১৬ ডিসেম্বরের মধ্যে শেষ করব।