আবার শুরু হচ্ছে বিবিসির ইংরেজি শেখার অনুষ্ঠান
বিটিভিতে আজ আবার শুরু হচ্ছে ইংরেজি শেখার অনুষ্ঠান ‘বিবিসি জানালা নিজে নিজে শেখা’। অনুষ্ঠানটি প্রচারিত হবে প্রতি শনিবার সন্ধ্যা সাতটা ২০ মিনিটে। এ উপলক্ষে গত বৃহস্পতিবার দুপুরে ঢাকার রূপসী বাংলা হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে বিবিসি মিডিয়া অ্যাকশনের আবাসিক পরিচালক শার্টল ইমবার্ট বলেন, ‘বাংলাদেশের বর্তমান জনসংখ্যা ১৫ কোটির ওপরে। আমাদের প্রচেষ্টা এই মূল্যবান জনসংখ্যাকে ইংরেজিতে দক্ষ করে তোলা; যাতে বাংলাদেশের জনগণ বিশ্বের সব দেশের মানুষের সঙ্গে সহজে যোগাযোগ স্থাপন করতে পারে। সেই প্রচেষ্টার অংশ হিসেবেই আমাদের এই অনুষ্ঠান।’ সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের অনুষ্ঠানটি সাজানো হয়েছে আটজন পেশাজীবী মানুষের কথোপকথন নিয়ে। এতে দেখানো হয়েছে কীভাবে তাঁরা বিদেশি পর্যটকদের সঙ্গে যোগাযোগ স্থাপন করবেন।অনুষ্ঠানটি পুনঃপ্রচারিত হবে প্রতি সোমবার সকাল আটটা ৩৫ মিনিটে।