আবার শুরু 'বিউটি সার্কাস'

>
- বছরখানেক পর মাহমুদ দিদার শুরু করেছেন ‘বিউটি সার্কাস’ ছবির শুটিং।
- গত মঙ্গলবার থেকে শুরু হয়েছে ছবির দ্বিতীয় ধাপের দৃশ্যধারণ।
- একটি গ্রামে সার্কাসের সেট ফেলে শুটিং চলছে।
বছরখানেক পর আবার নির্মাতা মাহমুদ দিদার শুরু করেছেন ‘বিউটি সার্কাস’ ছবির শুটিং। গত মঙ্গলবার থেকে শুরু হয়েছে ছবির দ্বিতীয় ধাপের দৃশ্যধারণ। মানিকগঞ্জের সাটুরিয়া থানার গোপালপুর ইউনিয়নের একটি গ্রামে সার্কাসের সেট ফেলে শুটিং চলছে। তৌকীর আহমেদ, জয়া আহসানের মতো তারকারা যোগ দিয়েছেন শুটিংয়ে।
গতকাল সেট থেকে মাহমুদ দিদার মুঠোফোনে বলেন, ‘গত বছরের শীতে নওগাঁয় জমেছিল আমাদের বিউটি সার্কাস-এর আসর। কিন্তু শেষ হয়নি। এবার শেষ করেই মাঠ ছাড়ব।’
সরকারি অনুদানে নির্মিত হলেও নানা প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে গিয়েছেন পরিচালক। বললেন, ‘অর্থনৈতিক প্রতিকূলতা ছিল। তা ছাড়া সার্কাসে শুটিং করা কঠিন। তবু আমরা চেষ্টা করেছি একটা দুর্দান্ত সেট নির্মাণের। একটা নিয়মিত সার্কাস দলের সঙ্গে মিলিয়ে আমরা এটা শেষ অবধি করতে পেরেছি।’
গত বুধবার শুটিংয়ে যোগ দিয়েছেন গল্পের প্রধান চরিত্র ‘বিউটি’ অর্থাৎ জয়া আহসান। সঙ্গে ছিলেন নির্মাতা ও অভিনেতা তৌকীর আহমেদ। জয়া আহসান জানালেন, আগামী সপ্তাহের সোম বা মঙ্গলবার পর্যন্ত তিনি থাকবেন সেটে। দুই দিনের বিরতি দিয়ে আবার ফিরবেন সার্কাসের আসরে। এবার টানা কাজ শেষ করে তবেই ঢাকায় ফিরবে বিউটি সার্কাস টিম।