আবার সিম্ফনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘অনুভবে’, ‘মন রে’, ‘মন তুই’, ‘ভালোবাসা কী যে দোলা’, ‘রক্ত যদি মেহেদি হয়’, ‘ভালো আছি ভালো থেকো’—গানগুলোর কথা মনে পড়ে? সিম্ফনি ব্যান্ডের গান। গত শতকের নব্বই দশকে গানগুলো দারুণ জনপ্রিয়তা পেয়েছিল। কোনো কনসার্টে সিম্ফনির অংশ নেওয়া মানেই এই কয়টি গান গাইতেই হবে। আর গানগুলোর সঙ্গে কণ্ঠ মেলাতেন শ্রোতারা। মাত্র দুই বছরের ব্যবধানে সিম্ফনির দুটি অ্যালবাম বাজারে আসে—অনুভবে (১৯৯১) ও হূদয়ের পালকি (১৯৯৩)। দারুণ ব্যবসাসফল দুটি অ্যালবাম। এরপর ১৯৯৫ থেকে ২০১২ সাল। সিম্ফনির গান আর শোনা যায়নি। সিম্ফনি সর্বশেষ গান করেছিল ঢাকা মেডিকেল কলেজের একটি অভিষেক অনুষ্ঠানের কনসার্টে।হঠাৎ করে কেন সিম্ফনির সব কার্যক্রম বন্ধ হয়ে গিয়েছিল? ‘গানের বাইরে সবার ব্যক্তিগত জীবনের ব্যস্ততা। বিভিন্ন পেশার সঙ্গে জড়িয়ে পড়া।’ এভাবেই বললেন সিম্ফনি ব্যান্ডের দলনেতা সুজন। একই কথা বললেন মনি জামান, সিম্ফনির কণ্ঠশিল্পী। সম্প্রতি প্রথম আলোর কার্যালয়ে কথা হয় সিম্ফনি ব্যান্ডের এ দুই সদস্যের সঙ্গে।সিম্ফনি ফিরে এসেছে। আবার গান করছে। ব্যান্ডের পুরোনো সদস্যদের মধ্যে আছেন সুজন, আরিফিন, সবুজ ও মনি জামান। তাঁদের সঙ্গে যুক্ত হয়েছেন মিয়াদ ও সুমন। সুজন জানান, মিয়াদ পড়াশোনার কাজে আপাতত যুক্তরাষ্ট্রে আছেন। দেশে ফিরে ব্যান্ডে নিয়মিত হবেন তিনি।২৬ জানুয়ারি সিম্ফনি প্রথম গান করে এনটিভির ‘মিউজিক ইউফোনি’তে। এরপর আরটিভিতে ৮ ফেব্রুয়ারি ‘ওয়ালটন ঘরে ঘরে উৎসব’ অনুষ্ঠানে। আগামী ৭ মার্চ তারা গান করবে বাংলাভিশনের ‘মিউজিক ক্লাব’-এ। সব কটি অনুষ্ঠানের ধরনই স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার।শুধুই টিভি চ্যানেলের লাইভ অনুষ্ঠান? কনসার্টে কবে দেখা যাবে সিম্ফনিকে? সুজন বললেন, ‘এখন তো এমনিতেই কনসার্টের সংখ্যা কমে গেছে। তবে আমরা নিজেদের কনসার্টের জন্যও প্রস্তুত করছি। আর এখন টিভি চ্যানেলগুলোর এ ধরনের অনুষ্ঠান যথেষ্ট জনপ্রিয়। আমরা যে আবার গান করছি, এই অনুষ্ঠানগুলোতে অংশ নেওয়ার ফলে সবাই তা জানতে পারছেন। এ সময়ের অনেক শ্রোতাই সিম্ফনির নাম সেভাবে শোনেননি। ফিরে আসার সিদ্ধান্ত নেওয়ার সময় আমাদের মধ্যে একটা শঙ্কা কাজ করেছিল—এ সময়ের ছেলেমেয়েরা আমাদের গান পছন্দ করবে তো? দুটি টিভি অনুষ্ঠান করার পর সেই ধারণা একেবারেই পাল্টে গেছে।’জানালেন, এখন তাঁরা সবাই ব্যস্ত সিম্ফনির নতুন অ্যালবাম নিয়ে। এরই মধ্যে তৈরি হয়েছে ছয়টি নতুন গান। পুরোনো গানগুলোর পাশাপাশি তাঁরা এই নতুন গানগুলোও শ্রোতাদের শোনাচ্ছেন। তাঁদের মতামত জানতে পারছেন। আগামী মার্চে হাত দেবেন রেকর্ডিংয়ের কাজে। বাদ্যযন্ত্র ব্যবহারের ক্ষেত্রে তাঁরা গুরুত্ব দিচ্ছেন অ্যাকুস্টিক বাদ্যযন্ত্রের ওপর। মনি জামান বললেন, ‘এখন তো ডিজিটাল প্রযুক্তিনির্ভর গান বেশি হচ্ছে। এসব গানে সেই প্রাণ নেই। তাই আমরা অ্যাকুস্টিক বাদ্যযন্ত্র ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছি।’অনুভবে ও হূদয়ের পালকি অ্যালবামের সাফল্যের কথা ভোলেননি সিম্ফনির সদস্যরা। সুজন ও মনি জামান স্বপ্ন দেখছেন, তাঁদের নতুন অ্যালবামটিও তেমনি সাফল্য পাবে। এবার ফরম্যাট বদলাতে হবে। ক্যাসেট কিংবা অডিও সিডি আকারে নয়, শুরুতে হয়তো বের করতে হবে মুঠোফোনে। তবে এসব নিয়ে এখনই ভাবতে চাইছেন না তাঁরা। কারণ, এখন তাঁদের কাছে গানগুলোই গুরুত্বপূর্ণ।