পয়লা জানুয়ারি মুক্তি পেয়েছিল টাকার চেয়ে প্রেম বড়। ৩১ ডিসেম্বর মুক্তি পাচ্ছে এভাবেই ভালোবাসা হয়। ২০১০ সালে মোট মুক্তি ৫৫টি ছবির। এর মধ্যে ব্যবসাসফল ১০টি। মোটামুটি ব্যবসাসফল ১০-১২টি। আর বেশির ভাগই ফ্লপ। সফলতা বেশি শাকিব খানের ছবির। এর পরই আসে কাজী মারুফ ও ডিপজলের নাম। সবচেয়ে বেশি ব্যবসা করেছে জাকির হোসেন রাজুর ভালো বাসলেই ঘর বাঁধা যায় না ছবিটি। সবচেয়ে বেশি প্রচার পেয়েছে এবং করেছে নতুন নায়ক-প্রযোজক এম এ জলিল অনন্তর খোঁজ দি সার্চ। এই হচ্ছে ২০১০ সালের বাংলাদেশের চলচ্চিত্রজগতের সংক্ষিপ্ত ও উল্লেখযোগ্য বিবরণ। কমেছে প্রেক্ষাগৃহের সংখ্যা, কমেছে ছবি মুক্তির সংখ্যা। কমেছে চলচ্ছিত্রে অশ্লীলতা। বেড়েছে শিল্পী-কুশলীদের হতাশা। কারণ, নতুন লগ্নিকারক আসছেন না। অনেকের ধারণা, চলচ্চিত্রজগৎ ফিনিশ। এই অনেকের সঙ্গে আমি একমত নই। পৃথিবীতে এমন কোনো ব্যবসা আছে যে সব সময় একই রকম যায়? শেয়ারেবাজার, পোশাকশিল্প, আমদানি-রপ্তানি সব ক্ষেত্রেই মাসে মাসে ধস নামে, আবার ঠিক হয়ে যায়। কারণ ওই সব পেশার লোকজন সবাই এক হয়ে সমস্যার সমাধান করেন। ধসের কারণ খুঁজে সংশ্লিষ্ট বিভাগে চাপ সৃষ্টি করেন। আমরা চলচ্চিত্রজগতের লোকজন এক হতে পারি না। নিজের চরিত্রের, কর্মের, ব্যবহারের দিকে না তাকিয়ে অন্যের ভুল ধরা এবং নিন্দা করা নিয়ে ব্যস্ত থাকি। নতুন লগ্নিকারক না আসার পেছনে মূল কারণ হচ্ছে ভিডিও পাইরেসি, প্রেক্ষাগৃহের পরিবেশ ও সেকেলে প্রযুক্তি এবং আদিযুগের সেন্সর প্রথা। এ দেশের একশ্রেণীর মানুষ কথায় কথায় ভারতীয় ছবির তুলনা করে। তাদের জন্য বলছি, আপনি জানেন কি?ভারতীয় চলচ্চিত্রজগতের বয়স আমাদের দ্বিগুণ। শুধু মুম্বাইয়ে বছরে ছবি মুক্তি পায় ৩৫০টির ওপরে। এর মধ্যে খুব বেশি হলে ১০০টি ছবি আপনি দেখেন, তার মধ্যে কয়টা ছবি ভালো লাগে? আমাদের যে ৫৫টি ছবি এ বছর মুক্তি পেয়েছে, এর কয়টা আপনি দেখেছেন? দেখেননি, তবুও এরই মধ্যে ১০টি ছবি হিট করেছে। চার-পাঁচটি ছবি বেশ উঁচুমানের হয়েছে। অনেকেই বোধ হয় এটাও জানেন না, ভারতে সদ্য মুক্তি পাওয়া ছবিটির ডিভিডি যে আপনি দেখছেন, এটি কিন্তু ১০০ দিনের আগে ভারতের কোথাও পাবেন না। কারণ, ওখানে আইন আছে, প্রয়োগও আছে। আমাদেরও আইন আছে, কিন্তু প্রয়োগ নেই।এফডিসির অ্যাক্টে প্রথম দিকে লেখা আছে, চলচ্চিত্রের উন্নয়নের জন্য প্রাইভেট স্টুডিওগুলোকে সহায়তা করবে। প্রেক্ষাগৃহের আধুনিক অথবা উন্নয়নের জন্য ব্যাংক লোন পাওয়ার ব্যাপারে সহায়তা বা সুপারিশ করবে তবে লাইট, ক্যামেরা ও ফ্লোরও ভাড়া দিতে পারবে। তো? গত ৩৫ বছরে এফডিসিকে দেখছি, ওই ‘তবে’টা হচ্ছে, অন্যগুলো হচ্ছে না। যাঁরা বাংলাদেশের চলচ্চিত্র নিয়ে হতাশায় ভুগছেন, তাঁদের বলছি, আসুন, একবারের জন্য হলেও সবাই এক হই। নিজের ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করে বৃহৎ ও সর্বজনীন স্বার্থে সোচ্চার হই। সরকারপ্রধানের সঙ্গে, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে, প্রেক্ষাগৃহ মালিকদের সঙ্গে, সর্বোপরি দেশের সাধারণ মানুষের সঙ্গে আলোচনা করি। আমাদের সমস্যার কথা বলি, এই সমস্যা থেকে পরিত্রাণের উপায় চিহ্নিত করি এবং সমাধানের পথ বলি। সমস্যা: প্রেক্ষাগৃহ বন্ধ হয়ে যাচ্ছে। সমাধান: উন্নত বিশ্বের কোনো দেশে বিনোদনের জন্য (প্রেক্ষাগৃহ, নাট্যমঞ্চ) অনুমতি নিয়ে সেটা বন্ধ করতে পারে না। পরিবর্তন করতে পারে। মার্কেট বানান কিন্তু প্রেক্ষাগৃহের অপশন রাখতে হবে। সারা দেশের তথ্য কর্মকর্তাদের বলি, ভাইজান, আপনার এলাকার প্রেক্ষাগৃহের পরিবেশ দেখুন, এত নোংরা কেন?... প্রেক্ষাগৃহের মালিকদের বলুন, পৃথিবীর সঙ্গে তাল মিলিয়ে আপনার প্রেক্ষাগৃহটি আধুনিক করুন, আপনার লোকসান হবে না। বসুন্ধরার স্টার সিনেপ্লেক্স কি লোকসান দিচ্ছে। আপনার টাকার সমস্যা? ব্যাংক লোন দেবে, আমরা সহায়তা করব। সমস্যা: ভিডিও পাইরেসি—সমাধান: সরকারের কাছে সবাই মিলে যাই, আবারও বলি, আইনটি আরও একটু কঠিন করুন—এটিকে ‘মোবাইল কোর্টের’ অধীনে আনুন। নকল টাকার মতো, যার কাছে বাংলাদেশি ছবির অবৈধ ভিডিও, ভিসিডি, ডিভিডি পাওয়া যাবে সে-ই অপরাধী। তারই সাজা হবে। সমস্যা: সেকেল প্রযুক্তি— সমাধান: এফডিসিকে প্রেসার দিই। ব্যক্তিমালিকানায় আধুনিক যন্ত্রপাতি আনার জন্য সবাই মিলে অথবা যার যেমন সোর্স আছে, যাই বিভিন্ন ধনাঢ্য শিল্পপতির কাছে। তাদের বোঝাই, সরকারপ্রধানের কাছে যাই, ভালোমন্দ বোঝাই। সমস্যা: নতুন লগ্নিকারক। যথাযথ সম্মান ও মানি ব্যাক গ্যারান্টি— সমাধান: চলচ্চিত্র নির্মাণে, প্রেক্ষাগৃহ আধুনিকীকরণে, আধুনিক যন্ত্রপাতি ক্রয়ে ব্যাংক লোনের ব্যবস্থা করা। প্রতিবছর অন্তত তিনটি ছবির ট্যাক্স ফ্রি করা। অনুদানের অর্থ বাড়ানো।চলচ্চিত্র উন্নয়ন সংস্থাকে বোঝাতে হবে, এই সংস্থা কোনো ব্যবসাপ্রতিষ্ঠান নয়, চলচ্চিত্রের উন্নয়নের জন্য কাজ করুন। বহির্বিশ্বে যেসব দেশে বাংলাদেশের মানুষ বেশি, ওই সব দেশের বাংলাদেশ দূতাবাসগুলোকে সরকারি নির্দেশ প্রদান করুন যে প্রতিবছর সাত দিন বাংলাদেশ চলচ্চিত্র উৎসব করতে হবে। প্রথম বছর আমরা বিনা মূল্যে ছবি দেব। পাঁচটি ছবি সুনির্মিত বিনোদন ছবি। দুটি যাবে বক্তব্যপ্রধান সিরিয়াস ছবি। প্রয়োজনে সেই সব দেশের বাঙালিদের জন্য সেই সব ছবির শিল্পীদেরও নিয়ে যাব। প্রথম বছর বিনা মূল্যে, পরের বছর এক ডলার করে...। সমস্যা: মান্ধাতা আমলের সেন্সর নীতিমালা। সমাধান: যুগোপযোগী সেন্সর নীতিমালা করতে কর্তৃপক্ষকে চোখে আঙুল দিয়ে বোঝাতে হবে—তৃতীয় বিশ্বের একটি গরিব দেশে ৭০-৮০টি পে-চ্যানেল চলছে বিনা সেন্সরে। শাহরুখ খানের অনুষ্ঠানে ‘কাঁটা লাগা’ গানে মেয়েটি যে পোশাক পরেছে, তা কিন্তু এ দেশের কোটি কোটি দর্শক দেখেছে। আর আমাদের চলচ্চিত্রে কোনো নায়িকা একটু খোলামেলাভাবে এলেই অমনি বলা হয়, ওটা বাদ দাও। এক দেশে দুই রকম আইন চলতে পারে না।আর হতাশা নয়। আশাবাদী হন। নিশ্চয়ই আবার সুদিন ফিরবে। প্রেক্ষাগৃহ বাড়বে, আধুনিক হবে। চলচ্চিত্র নীতিমালা পাস হবে। পাইরেসিও বন্ধ হবে। মানুষ আবার প্রেক্ষাগৃহমুখী হবে। শুধু একটু সময়ের ব্যাপার। একটু ধৈর্য, একটু চেষ্টা এবং আমাদের একতা।