আবার স্টিভ জবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্টিভ জবস ছবির পোস্টার
স্টিভ জবস ছবির পোস্টার

প্রযুক্তি জগতের তিনি কিংবদন্তি। আইফোন আর ম্যাকবুকের জন্য সুপরিচিত অ্যাপল নামের প্রতিষ্ঠানটির সহপ্রতিষ্ঠাতা ও সাবেক কর্ণধার। উদ্ভাবন ও ব্যবসায় তাঁর সৃজনশীলতার জুড়ি মেলা ভার। ডিজিটাল পণ্যের বহুল ব্যবহারে মানুষের জীবনযাত্রায় যে বৈপ্লবিক পরিবর্তন এসেছে, তাতে বিশেষ অবদান রেখেছেন তিনি। ২০১১ সালে প্রয়াত এই মানুষটির জীবনকাহিনি নিয়ে নির্মিত ছবি স্টিভ জবস আগামীকাল ৯ অক্টোবর মুক্তি পাচ্ছে যুক্তরাষ্ট্রের একাধিক শহরে।
প্রেক্ষাগৃহে পৌঁছানোর আগেই সাড়া ফেলে দিয়েছে স্টিভ জবস। নামীদামি তারকাদের অন্তর্ভুক্তি ও সু-অভিনয়, কুশলী নির্মাণকাজ, সব মিলিয়েই ছবিটির প্রশংসায় পঞ্চমুখ চলচ্চিত্রের সমালোচকেরা। যুক্তরাষ্ট্রের কলোরাডোর টেলুরাইড ফিল্ম ফেস্টিভ্যালে ছবিটির বিশেষ প্রদর্শনীর পর দর্শকদের প্রতিক্রিয়া ছিল বেশ ইতিবাচক। কেউ কেউ তো বলেই বসলেন, স্টিভ জবসের চরিত্রে অভিনয়কারী মাইকেল ফ্যাসবেন্ডার অস্কার মনোনয়ন পাওয়ার যোগ্য।
স্টিভ জবস-এর চিত্রনাট্য লিখেছেন দ্য সোশ্যাল নেটওয়ার্ক ছবির অ্যারন সরকিন। নামভূমিকায় অভিনয় করেছেন এক্স-ম্যান সিরিজ, ইনগ্লোরিয়াস বাস্টার্ডস, প্রমিথিউস, ম্যাকবেথ প্রভৃতি ছবির তারকা মাইকেল ফ্যাসবেন্ডার। ছবিতে তাঁর সহকর্মী বন্ধু এবং অ্যাপলের ম্যাকিনটোশ বিভাগের বিপণন-প্রধান জোয়ানা হফম্যানের চরিত্রে রয়েছেন অস্কারজয়ী অভিনেত্রী কেট উইন্সলেট। আর অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা স্টিভ ওজনিয়াকের চরিত্র রূপায়ণ করেছেন সেথ রোজেন। আর অ্যাপলের সাবেক প্রধান নির্বাহী জন স্কালির চরিত্রে রয়েছেন জেফ ড্যানিয়েলস। সর্বোপরি ছবিটির পরিচালক ড্যানি বয়েল, যিনি স্লামডগ মিলিয়নিয়ার ছবির জন্য অস্কারজয়ী।
কী আছে এই ছবিতে? শুধুই স্টিভ জবসের জীবনকথন? নাকি তার চেয়ে অনেক বেশি কিছু? ২০১১ সালে প্রয়াত স্টিভ জবসকে নিয়ে ওই বছরই একটি ছবি হয়েছিল (জবস)। সেটিকে প্রায় সবদিক থেকেই ছাপিয়ে যাওয়ার চেষ্টা করেছে এবারের চলচ্চিত্রটি। জীবনীনির্ভর ছবি বলেই স্টিভ জবস-এর চরিত্রগুলোর অনেকে সমকালীন প্রযুক্তি জগতের সুপরিচিত ব্যক্তি। কাহিনিকার বেছে নিয়েছেন অ্যাপলের তিনটি গুরুত্বপূর্ণ পণ্য ‘ম্যাক’ (১৯৮৪), ‘নেক্সট’ (১৯৮৮) এবং ‘আইম্যাক’ কম্পিউটারের (১৯৯৮) যাত্রা শুরুর নেপথ্যের ঘটনা ব্যতিক্রমীভাবে রুপালি পর্দায় তুলে ধরার কৌশল।
স্টিভ জবসের শৈশবের সেই বাড়িটি দেখানো হয়েছে ছবিতে, যার গ্যারেজে প্রথমবার বানানো হয়েছিল অ্যাপল ওয়ান। আরেকটি দৃশ্যে দেখা যায় অ্যাপলের বোর্ডরুম, যেখানে সাবেক প্রধান নির্বাহী জন স্কালির সঙ্গে জবসের বড় রকমের ঝগড়া হয়েছিল। ছবিজুড়ে আরও রয়েছে জবসের সাক্ষাৎকার, অ্যাপলের প্রতিটি পণ্য বাজারে ছাড়ার আগেকার দীর্ঘ প্রস্তুতি, নিরলস চেষ্টা ও পরীক্ষা-নিরীক্ষা আর উৎকণ্ঠা। ব্যবসায়িক বিবাদের বিষয়গুলো বেশ গুরুত্ব সহকারে তুলে ধরেছেন ছবিটির নির্মাতা। আরও দেখিয়েছেন সহকর্মীদের সঙ্গে জবসের সম্পর্ক, তাঁর পেশাগত জীবনের বাইরের ছবি, হৃদয়ের অলিগলি আর কাছের মানুষদের আশা-আকাঙ্ক্ষা।
উপকাহিনি হিসেবে ছবিতে ঠাঁই পেয়েছে লিসা ব্রেনান-জবস ও স্টিভ জবসের জটিল সম্পর্কের বিষয়টি। লিসার মা ক্রিসান ব্রেনান ছিলেন জবসের বান্ধবী। কিন্তু লিসার পিতৃত্ব স্বীকার করেননি জবস, যদিও লিসা নামটি তিনিই রেখেছিলেন। পরে ‘অ্যাপল লিসা’ নামেও সেটি ব্যবহৃত হয়। অ্যাপল থেকে বেরিয়ে যাওয়ার পর ক্রিসানের কাছে ক্ষমা চেয়ে লিসার সঙ্গেও মিটমাট করেন জবস। যখন মেয়েটির বয়স নয় বছর, তখন থেকেই তাঁদের মধ্যে সুন্দর সম্পর্ক গড়ে ওঠে। লিসার জন্মসনদে সইও করেন জবস। বাবা-মেয়ের এই সম্পর্ক ছবির কেন্দ্রবিন্দু, যার মধ্য দিয়েই প্রতিফলিত হয় সহকর্মীদের কাছে নির্দয়ভাবে নিখুঁত কাজ আদায়কারী ও বদমেজাজি বলে পরিচিত জবসের চরিত্রের কোমল দিকগুলো।
ঔদ্ধত্য, দক্ষতা, দৃঢ়প্রতিজ্ঞা আর অতুলনীয় অহংবোধের গল্প স্টিভ জবস। সমালোচকেরা লিখেছেন, চিরাচরিত বয়ানকৌশলকে ছাপিয়ে ছবিটি তিনটি পর্বে নিপুণভাবে তুলে ধরেছে বিখ্যাত একটি প্রতিষ্ঠান ও একজন গুণী মানুষের কর্মজীবন ও নেপথ্যের গল্প। উদ্ভাবনের অতুলনীয় ক্ষমতার কারণেই আড়ালে পড়ে যায় তাঁর মানবীয় সীমাবদ্ধতাগুলো।
হলিউড রিপোর্টার, ম্যাকরিউমার্স, গার্ডিয়ান অবলম্বনে