আবার হটসিটে আসাদুজ্জামান নূর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবার শুরু হচ্ছে রিয়েলিটি শো ‘কে হতে চায় কোটিপতি’। প্রথম আসরের মতো এবারও হটসিটে সঞ্চালক হিসেবে থাকবেন আসাদুজ্জামান নূর। আর তা নিশ্চিত করেছেন ‘কে হতে চায় কোটিপতি’ অনুষ্ঠানের আয়োজক প্রতিষ্ঠান ডেলটা বের ব্যবস্থাপনা পরিচালক মঈনুল হোসেন। তিনি জানান, ‘কে হতে চায় কোটিপতি’ অনুষ্ঠানের জন্য এরই মধ্যে প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে। অনুষ্ঠানটি প্রচারিত হবে দেশ টিভিতে। পুরো আয়োজন নিয়ে সপ্তাহ দুয়েকের মধ্যে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সবকিছু জানাবেন তাঁরা।

মঈনুল হোসেন বলেন, ‘আমরা আশা করছি, প্রথম আসরের চেয়ে এবার দর্শকদের জন্য আরও বেশি চমক থাকবে।’ 

জনপ্রিয় টিভি অনুষ্ঠান ‘হু ওয়ান্টস টু বি এ মিলিয়নিয়ার’-এর আদলে গত বছর বাংলাদেশে নির্মিত হয় ‘কে হতে চায় কোটিপতি’ অনুষ্ঠান। ১৯৯৮ সালে সনি পিকচারস টেলিভিশনের ব্যানারে নির্মিত হয় ‘হু ওয়ান্টস টু বি এ মিলিয়নিয়ার’। এরপর এর ভাবনা নিয়ে যুক্তরাষ্ট্র, ভারত, বাংলাদেশসহ বিশ্বের ১২২টি দেশে নির্মিত হয়েছে নানা অনুষ্ঠান।