আবার হিটম্যান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হিটম্যান-এজেন্ট ফোরটি সেভেন ছবির দৃশ্য
হিটম্যান-এজেন্ট ফোরটি সেভেন ছবির দৃশ্য

মারদাঙ্গা অ্যাকশন, টান টান উত্তেজনা, পর্দাজুড়ে আতশবাজির মতো হরেক রঙের উড়োজাহাজ কিংবা দামি গাড়ির বিস্ফোরণ। হলিউডের রোমাঞ্চ ছবির মালমসলা বেশির ভাগ ক্ষেত্রেই এমন! এ বছরও যেন হলিউডের অ্যাকশন বছর। এ বছর মুক্তি পেয়েছে অ্যাভেঞ্জারস, ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস, টার্মিনেটর, মিশন: ইম্পসিবল-রোগ নেশন। গত সপ্তাহে মুক্তি পেয়েছে ‘হিটম্যান’ সিরিজের নতুন ছবি হিটম্যান-এজেন্ট ফোরটি সেভেন।
ভিডিও গেম থেকে ছবি বানানোর ধারাটা হলিউডে বেশ জনপ্রিয়। প্রিন্স অব পার্সিয়া, লারা ক্রফট, নিড ফর স্পিড—তালিকাটা বেশ লম্বা। এই তালিকাকে আরেকটু বড় করতে ভিডিও গেমের রাজ্য থেকে পর্দায় হিটম্যান প্রথম হাজির হয় ২০০৭ সালে। নামের মর্যাদা রেখেছিল ছবিটি, ওই সময় তুমুল জনপ্রিয়তা পায় ছবিটি! সাত বছর অপেক্ষার পর তাই নতুন ছবি নিয়ে সবার আশার বেলুন ছিল আকাশছোঁয়া। সেই আশার বেলুন ফুটো হতে সময় লাগেনি। হালকা কাহিনি, অপ্রয়োজনীয় মারামারি, দুর্বল সংলাপ; এই বছরের সবচেয়ে বড় আশা থেকে হতাশার তালিকায় যেতে হিটম্যান-এর সময় লাগেনি। সাড়ে তিন কোটি ডলার বাজেটের এই ছবি প্রথম দিনে আয় করেছে মাত্র ৩০ লাখ ডলার।
‘হিটম্যান’ সিরিজের আসল পরিচিতি ‘এজেন্ট ফোরটি সেভেন’ হিসেবে। কুখ্যাত পাঁচ ভিলেনের সংমিশ্রণের ক্লোন এই ‘এজেন্ট ফোরটি সেভেন’। একটি গোপন প্রতিষ্ঠানের ৪৭তম ক্লোন, তাই এই নাম। জিন প্রকৌশলের মাধ্যমে তৈরি অসম্ভব বুদ্ধিমান, প্রচণ্ড শারীরিক সক্ষমতার অধিকারী এই ক্লোন আততায়ীর কাজ হচ্ছে বিভিন্ন টপ সিক্রেট অভিযানে অংশ নেওয়া। এই ধারাবাহিকতায় এবার ‘হিটম্যান’-এর মিশন ছিল কাতিয়া নামে আরেকজন এজেন্টকে সাহায্য করা, কাতিয়ার বাবা এবং তার অতীত জানার জন্য।
এই ছবিতেই প্রথম বড় কোনো চরিত্রে কাজ করার সুযোগ পেলেন রুপার্ট ফ্রেন্ড। এর আগে হোমল্যান্ড ও প্রাইড অ্যান্ড প্রেজুডিস ছবিতে কাজ করলেও ক্যারিয়ারে এত দিন তাঁর পরিচিতির বেশির ভাগটাই ছিল কিরা নাইটলির প্রেমিক হিসেবে। দীর্ঘ পাঁচ বছর প্রেম করছেন তাঁরা।

.
.

‘এজেন্ট ফোরটি সেভেন’ হিসেবে কাজ করার কথা ছিল ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ছবির তারকা পল ওয়াকারের। কিন্তু ২০১৩ সালের নভেম্বর মাসে এক মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় তিনি মারা যান। এরপর চরিত্রটি করার সুযোগ পান রুপার্ট ফ্রেন্ড। এই ছবিতে তাই নিজেকে ঢেলে দিয়েছিলেন। তবে তাতে খুব লাভ হয়নি। ভালো অভিনেতা হয়েও এই ছবিতে তাঁর সংলাপ মাত্র হাতে গোনা কয়েকটি, অভিনয় বলতে বন্দুক হাতে নিয়ে বিরতিহীন গোলাগুলি করা। ছবিটির শুটিংয়ের সময় মাথায় আঘাত পেয়েছিলেন রুপার্ট।
হিটম্যান-এজেন্ট ফোরটি সেভেন ছবিটি পরিচালনা করেছেন পোলিশ পরিচালক আলেক্সান্ডার ব্যাক। এটি তাঁর প্রথম ছবি। শুরু হিসেবে চেষ্টার কোনো ত্রুটি রাখেননি। কিন্তু সফল হতে পারলেন না। হিটম্যান-এজেন্ট ফোরটি সেভেন ছবিটি তৈরি হয় প্রথম হিটম্যান ছবির আদলে। শুরুতেই তাই কিছু সমালোচক এই ছবির সাফল্য নিয়ে প্রশ্ন তোলেন। শেষমেশ তাঁদের অনুমান সত্যি হয়েছে। তবে ‘একবার না পারিলে দেখো শতবার’—এই প্রবাদ বোধ হয় শুনেছেন এ ছবির সংশ্লিষ্ট ব্যক্তিরা। কারণ, এরই মধ্যে গুঞ্জন উঠেছে, আগামী কয়েক বছরের মধ্যেই পর্দায় আবার দেখা যাবে ‘হিটম্যান’কে!
ফোর্বস অনলাইন, ডেডলাইন ও দ্য ইনডিপেনডেন্ট অবলম্বনে