আবার হিমু, বাকের ভাই, বড় চাচা ও মিসির আলী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হিমু, বাকের ভাই, বড় চাচা ও মিসির আলী—হুমায়ূন আহমেদের নাটক ও উপন্যাসের জনপ্রিয় এই চারটি চরিত্রকে এবার দেখা যাবে একই নাটকে। নাটকের নাম হিমু, বাকের ভাই, বড় চাচা ও মিসির আলী। আর অভিনয়শিল্পীরা হলেন বাকের ভাই আসাদুজ্জামান নূর, হিমু মোশাররফ করিম, মিসির আলী আবুল হায়াত ও বড় চাচা আলী যাকের।হুমায়ূন আহমেদের বিভিন্ন উপন্যাস অবলম্বনে এই নাটকের নাট্যরূপ দিচ্ছেন রেদোয়ান রনি। পরিচালনাও করবেন তিনিই। জানালেন, নাটকটির দৈর্ঘ্য হবে সাত পর্ব। দেশ টিভির ঈদের অনুষ্ঠানমালায় নাটকটি দেখানো হবে।নাটকের গল্পের ব্যাপারে রেদোয়ান রনি বলেন, ‘উপন্যাসে ও বিভিন্ন নাটকে হুমায়ূন আহমেদ যেভাবে এই চরিত্রগুলো উপস্থাপন করেছেন, হিমু, বাকের ভাই, বড় চাচা ও মিসির আলী নাটকেও তার ব্যতিক্রম হবে না। প্রতিটি চরিত্রের আলাদা দর্শন ও বৈশিষ্ট্য রয়েছে। আমিও সেটা ধরে রাখার চেষ্টা করব, যাতে দর্শক বিভ্রান্ত না হন।’জানা গেছে, এই চরিত্রগুলো নিয়ে নাটক তৈরির ব্যাপারে এরই মধ্যে হুমায়ূন আহমেদের অনুমতি নিয়েছে দেশ টিভি কর্তৃপক্ষ। আগামী ৯ জুলাই থেকে নাটকটির শুটিং শুরু হবে। পুরো কাজটাই হবে ঢাকায়। তবে প্রয়োজনে নাটকের নাম পরিবর্তিত হওয়ার সম্ভাবনা রয়েছে।গত বছর এনটিভিতে ঈদের অনুষ্ঠানমালায় বিহাইন্ড দ্য সিন নামে পাঁচ পর্বের একটি নাটক তৈরি করেছিলেন রেদোয়ান রনি।