আবার হুমায়ূন আহমেদের ছবিতে মকসুদ জামিল মিন্টু
হুমায়ূন আহমেদের শ্যামল ছায়া চলচ্চিত্রেই শেষ সংগীত পরিচালনা করেছিলেন মকসুদ জামিল মিন্টু। এরপর কেটে গেছে পাঁচ বছর। এবার আবার চলচ্চিত্রের গানে সুর ও সংগীত পরিচালনা করলেন তিনি। এবারও হুমায়ূন আহমেদের চলচ্চিত্র। নাম ঘেটুপুত্র কমলা। মাকসুদ জামিল জানালেন, এই ছবিতে ছয়টি গান থাকছে। এর মধ্যে পাঁচটি গানেরই সংগীত পরিচালনা করেছেন তিনি। অন্যটি এস আই টুটুল করেছেন। মাকসুদ জামিল বললেন, ‘পাঁচটি গানের মধ্যে একটি আমি নিজে সুর করেছি। গানটি হলো “বাজে বংশী, রাজহংসী নাচে হেলিয়া দুলিয়া”। এটি লিখেছেন হুমায়ূন আহমেদ। অন্য চারটি গান সংগ্রহ করা, প্রচলিত ঘেটু গান। আমার সংগীত পরিচালনায় গানগুলোতে কণ্ঠ দিয়েছেন ফজলুর রহমান বাবু, সেলিম চৌধুরী ও কুদ্দুস বয়াতি। তবে এস আই টুটুলের সংগীত পরিচালনায় গানটিতে তিনি নিজেই কণ্ঠ দিয়েছেন।’ দীর্ঘদিন পর চলচ্চিত্রে কাজ করা প্রসঙ্গে বললেন, ‘হুমায়ূন আহমেদের ছবি বলেই কাজটা করেছি। এর আগে তাঁর ছবিতে ব্যবহার হওয়া আমার অনেকগুলো গান জনপ্রিয়তা পেয়েছে। আশা করছি, এবারও হয়তো তেমনটিই হবে।’জানালেন, মুক্তির আগে ছবিটির অডিও অ্যালবাম বাজারে আসবে। এখন ছবিটির শুটিং চলছে।