আবার ‘আমার আমি’তে মুনমুন
নতুনভাবে তৈরি হচ্ছে সেলিব্রেটি টক শো আমার আমি। মুনমুন এতে উপস্থাপক হিসেবে থাকবেন। নতুনভাবে উপস্থাপনায় আসায় দীর্ঘ প্রায় পাঁচ-ছয় মাস পর আবারও টেলিভিশনে দেখা যাবে মুনমুনকে। সম্প্রতি বাংলাভিশনের স্টুডিওতে এর দৃশ্য ধারণের কাজ শেষ হয়েছে। সেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গায়ক ফেরদৌস ওয়াহিদ। এ প্রসঙ্গে মুনমুন বলেন, ‘ভালো লাগছে আমার আমির মতো একটি জনপ্রিয় অনুষ্ঠানে আবারও উপস্থাপক হতে পেরে। আমি আসলে শুরু থেকেই অনুষ্ঠানটির দর্শক। এতে অপি আপুর (অপি করিম) উপস্থাপনা আমার বেশ ভালো লাগত। পরে আমিও বেশ মনোযোগের সঙ্গে উপস্থাপনা করি। দর্শকেরাও খুব অল্প সময়ে আমাকে গ্রহণও করে। এ ছাড়া আমার নিজেরও শামীম শাহেদের সঙ্গে কাজ করার একটা ইচ্ছে ছিল। নতুন করে শুরু করা আমার আমির মাধ্যমে দর্শকদের ভালো কিছু উপহার দিতে পারব বলে আশা করছি।বাংলাভিশনের আনুষ্ঠানিক সম্প্রচারের শুরু থেকে নিয়মিত প্রচারিত এই অনুষ্ঠানটি প্রথম উপস্থাপনা করেন অপি করিম। পরে এতে যোগ হয় মুনমুন ও নওশীনের নাম। নওশীনের পর এবার আবার উপস্থাপনার দায়িত্ব নিয়েছেন মুনমুন।শামীম শাহেদের পরিকল্পনা ও প্রযোজনায় আমার আমির নতুন পর্ব প্রচার হবে আগামী রোববার রাত ৯টা ৫ মিনিটে। উল্লেখ্য, আমার আমির প্রতি পর্বে এক বা একাধিক তারকা অতিথি হয়ে উপস্থিত হয়ে বলেন মজার ঘটনা, কিংবা কোনো অভিজ্ঞতার গল্প।