আবার ‘ওজন’ বিতর্কে ঐশ্বরিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছরের নভেম্বরে মা হওয়ার পর অনেকটাই মুটিয়ে যান বলিউডের অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। এ নিয়ে অনেকেরই কটাক্ষ সইতে হয়েছে তাঁকে। ‘ওজন’ বিতর্ক নিয়ে বেশ কয়েকবার খবরের শিরোনামও হয়েছেন। আট মাস বিরতির পর সম্প্রতি তিনি কাজে ফিরেছেন। একটি বিজ্ঞাপনচিত্রের কাজে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন। মা হওয়ার পর প্রথম ক্যামেরার মুখোমুখি হয়েই আবার ‘ওজন’ বিতর্কের মুখে পড়েছেন ঐশ্বরিয়া। কল্যাণ জুয়েলার নামের একটি প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য সম্প্রতি চিত্রধারণে অংশ নেন ঐশ্বরিয়া। এর একটি ছবি এরই মধ্যে প্রকাশিত হয়েছে। ওই ছবিতে অনেক বেশি হালকা গড়নের ঐশ্বরিয়াকে দেখে অনেকে মন্তব্য করেছেন, ফটোশপের কারসাজিতে এমনটা করা হয়েছে। কারণ, মাত্র দুই মাস আগে কান চলচ্চিত্র উত্সবে যোগ দেওয়ার সময় তাঁর যেসব ছবি প্রকাশিত হয়, সেগুলোর তুলনায় নতুন এ ছবিতে অবিশ্বাস্য রকম পাতলা দেখিয়েছে তাঁকে। এক খবরে এমনটিই জানিয়েছে এনডিটিভি। ছবিটি প্রকাশিত হওয়ার পর ‘ওজন কমিয়ে কাজে ফিরেছেন ঐশ্বরিয়া’ কিংবা ‘মেদ ঝরিয়ে আবারও আকর্ষণীয় ঐশ্বরিয়া’—এমন সব মনগড়া শিরোনামে খবরও ছেপেছে বিভিন্ন সংবাদমাধ্যম।