আবার ‘ক্ষুদে গানরাজ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যানেল আই ‘ক্ষুদে গানরাজ’ প্রতিযোগিতার প্রথমটি আয়োজন করে ২০০৮ সালে। দ্বিতীয়টি পরের বছর। মাঝে এক বছর বিরতি। আবার আয়োজন করা হচ্ছে ছোটদের এই প্রতিযোগিতার আসর। এবার বিচারক হচ্ছেন ফেরদৌস আরা, সামিনা চৌধুরী ও এস আই টুটুল। এরই মধ্যে প্রতিযোগীদের প্রাথমিক বাছাই চূড়ান্ত হয়েছে। চ্যানেল আই সূত্রে জানা গেছে, আগামী ৩ জানুয়ারি থেকে শুরু হবে প্রতিযোগিতা নিয়ে তৈরি অনুষ্ঠানের ধারণকাজ। এফডিসির একটি ফ্লোরে ‘ক্ষুদে গানরাজ’ প্রতিযোগিতার সেট নির্মাণের পরিকল্পনা হচ্ছে।ক্ষুদে গানরাজ প্রতিযোগিতার প্রথমটি পরিচালনা করেছিলেন ইজাজ খান স্বপন। এবারও তাঁকেই দেওয়া হয়েছে পরিচালনার দায়িত্ব। তিনি বললেন, ‘প্রথমটি যতটা সহজ মনে হয়েছিল, এখন কিন্তু ততটাই চ্যালেঞ্জিং বলে মনে হচ্ছে। মাঝে একটি আয়োজনের সঙ্গে আমি সম্পৃক্ত ছিলাম না। তাই তৃতীয়টি নিয়ে খুব বেশি পরিকল্পনা করতে হচ্ছে। নতুনত্ব আনার চেষ্টা করছি। এ ধরনের রিয়েলিটি শোর জন্য যে ধরনের সেট কল্পনা করা হয়, মূল ভাবনাটা ঠিক রেখে আমরা তা থেকে বেরিয়ে আসতে চাইছি। এবার তিনজন বিচারক তিন জায়গায় বসবেন। যেহেতু আয়োজনটা ছোটদের জন্য, সেই ব্যাপারটা মাথায় রেখেই কাজ করছি।’এই প্রতিযোগিতার প্রথমটির অন্যতম বিচারক ছিলেন সামিনা চৌধুরী। এবার এই আয়োজনে যুক্ত হওয়ার পর বললেন, ‘ছোটদের নিয়ে কাজ করার মজাটাই অন্য রকম। ছোটদের রিয়েলিটি শো কিন্তু খুব সহজ ব্যাপার নয়। ওদের সঙ্গে মিশে যেতে হয়। পুরো ব্যাপারটাকে আকর্ষণীয়ভাবে উপস্থাপনের জন্য নানা পরিকল্পনা করতে হয়। তবে অনেক কিছু নির্ভর করছে প্রতিযোগীদের ওপর। আর ভালো প্রতিযোগী পেলে তো কথাই নেই।’আগামী ৭ জানুয়ারি থেকে চ্যানেল আইতে অনুষ্ঠানটির প্রচার শুরু হবে।