আবার ‘গ্যালিলিও’
একসময়ের নাগরিক নাট্য সম্প্রদায়ের জনপ্রিয় প্রযোজনাগ্যালিলিও আবার মঞ্চে আসছে। দলের ২২তম এই প্রযোজনা ১৯৯০ সালের পর থেকে আর মঞ্চে দেখা যায়নি। সেই সময় নাটকটির ৫৫টি প্রদর্শনী হয়েছিল। নাটকটির নির্দেশক আতাউর রহমান বলেন, ‘নাটকটি মূলত জার্মান কালচারাল সেন্টারের তত্ত্বাবধানে মঞ্চে আনা হয়েছিল। তখন একজন বিদেশি নাটকটির নির্দেশনা দিচ্ছিলেন। পরে সেই বিদেশি হঠাত্ চলে গেলে নাগরিক নাট্য সম্প্রদায়কে দায়িত্ব দেওয়া হয় নাটকটি মঞ্চে আনার জন্য। আমি নাটকটির নির্দেশনা দিই। সেই সঙ্গে নাটকটি জার্মান কালচারাল সেন্টার মিলনায়তনকে কেন্দ্র করেই মঞ্চে আনা হয়।’ নাটকটি আবার মঞ্চে আনা প্রসঙ্গে তিনি বলেন, ‘এটি খুবই জনপ্রিয় একটি নাটক। সেই সময় নাটকটিতে দর্শকের কমতি ছিল না। এখন শিল্পকলা বা মহিলা সমিতি মিলনায়তনের আঙ্গিক ধরে নাটকটির নতুন ডিজাইন করে নতুন করে মঞ্চে আনব। এতে নতুন প্রজন্মের নাট্যকর্মী ও দর্শক নাটকটি দেখার সুযোগ পাবে।’আতাউর রহমান বলেন, ‘এরই মধ্যে নাটকটির তিন-চারটি মহড়া হয়েছে। জুলাই মাসে গ্যালিলিও মঞ্চে আনতে পারব বলে আশা করছি। পাশাপাশি আমার নির্দেশনায় পালাকার স্টুডিও থিয়েটারের জন্য বাংলার মাটি বাংলার জল নামের আরেকটি নাটকের কাজ চলছে।’নাটকটিতে এবারও গ্যালিলিও চরিত্রটি করছেন আলী যাকের। একই সঙ্গে নাটকটির পুরোনো শিল্পী হিসেবে আসাদুজ্জামান নূরও অভিনয় করবেন। এ ছাড়া নতুন হিসেবে নাটকটিতে যোগ দিচ্ছেন পান্থ শাহরিয়ার, ইরেশ যাকের প্রমুখ। ব্রেটল ব্রেশটের দি লাইফ অব গ্যালিলিও গ্যালিলি অবলম্বনে নাটকটির অনুবাদ করেছেন অধ্যাপক আবদুস সেলিম। নাটকটি প্রথম মঞ্চে আসে ১৯৮৮ সালে।