আবার 'ছোটকাকু'

ফরিদুর রেজা সাগরের কিশোর উপন্যাস কক্সবাজারে কাকাতুয়ার পর ‘ছোটকাকু’ সিরিজের আরেকটি উপন্যাস নিয়ে এবার নাটক তৈরি হচ্ছে। এবারের উপন্যাস রাজশাহীর রসগোল্লা। এবারও ‘ছোটকাকু’ চরিত্রে অভিনয় করছেন আফজাল হোসেন। সঙ্গে থাকছেন তাঁর দুজন সহকারী অর্ষা আর সীমান্ত। নাট্যরূপ দিয়েছেন শেখ আবদুল হাকিম। পরিচালক আফজাল হোসেন। কাল বুধবার নাটকটির শুটিং শুরু হচ্ছে রাজশাহীতে।
আফজাল হোসেন বলেন, ‘ফরিদুর রেজা সাগরের “ছোটকাকু” সিরিজের প্রতিটি উপন্যাসে বিভিন্ন এলাকার চমৎকার বর্ণনা রয়েছে। উপন্যাসে যে এলাকার বর্ণনা রয়েছে, আমরা সেখানেই শুটিং করব। রাজশাহী বললে অনেকের মনেই দ্রুত চলে আসে রাজশাহীর আমের কথা। কিন্তু রাজশাহীতে তো আরও অনেক কিছু আছে। আমরা তার সবই এই নাটকে তুলে ধরতে চেষ্টা করব। নাটকটি দেখার পাশাপাশি সবাই রাজশাহী সম্পর্কে একটা সম্পূর্ণ ধারণা পাবে।’
এবার চ্যানেল আইয়ে রোজার ঈদের অনুষ্ঠানমালার অন্যতম আকর্ষণ ছিল কক্সবাজারে কাকাতুয়া ধারাবাহিকটি। নাটকটি নিয়ে আফজাল হোসেন বলেন, ‘আমরা কিন্তু একটি নাটক তৈরি করতে হবে বলে করিনি। তাগিদ থেকে করেছি। সেটা হলো দায়িত্ববোধ। যাঁদের জন্য করেছি, তাঁদের কাছ থেকে যে ধরনের ইতিবাচক প্রতিক্রিয়া পেয়েছি, তা একেবারেই প্রত্যাশা করিনি! সবাই অদ্ভুতভাবে নাটকটি উপভোগ করেছেন। আর আমার ভালো লাগছে যে, একটি প্রজন্মের জন্য কিছু করতে পেরেছি। তাঁদের মধ্যে আগ্রহ তৈরি করতে পেরেছি।’
আর ‘ছোটকাকু’কে নিয়ে আফজাল বলেন, ‘চরিত্রটিকে একটা উচ্চতায় নিয়ে যেতে চাই।’
আট পর্বের রাজশাহীর রসগোল্লা ধারাবাহিকটি প্রচারিত হবে কোরবানির ঈদে চ্যানেল আইয়ে।