আবার ‘জাগরণের গান’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৯ সালে ১২ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনে আয়োজন করা হয়েছিল ‘জাগরণের গান উৎসব’। ওই দিন প্রকাশ করা হয়েছিল জাগরণের গান অ্যালবামটি। ১০ ডিসেম্বর একই স্থানে আবারও আয়োজন করা হয়েছে ‘জাগরণের গান উৎসব’। আর এবার জাগরণের গান ২ (গণসংগ্রামের গানের সংকলন) অ্যালবামের মোড়ক খোলা হবে। স্টেপ মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনায় জাগরণ সংস্কৃতি চর্চা ও গবেষণাকেন্দ্র তৈরি করেছে অ্যালবামটি। বাংলালিংকের পৃষ্ঠপোষকতার পাশাপাশি এই আয়োজনের সহযোগী প্রতিষ্ঠানগুলো হলো প্রথম আলো, চ্যানেল আই ও এবিসি রেডিও।জাগরণ সংস্কৃতি চর্চা ও গবেষণাকেন্দ্রের সাধারণ সম্পাদক মোস্তফা জাহিদ খান জানান, এবারের অ্যালবামে থাকছে ১০১টি গান। এর মধ্যে নতুন গান ৭১টি আর প্রথম অ্যালবাম থেকে ৩০টি গান রাখা হয়েছে।অ্যালবামটির পরিকল্পনা ও সার্বিক ব্যবস্থাপনা করেছেন মোস্তফা তৌহিদ খান। তিনি স্টেপ মিডিয়ার ব্যবস্থাপনা পরিচালক এবং জাগরণ সংস্কৃতি চর্চা ও গবেষণাকেন্দ্রের নির্বাহী সদস্য। অ্যালবামের শিল্পীদের প্রসঙ্গে তিনি জানান, জাগরণের গান ২ অ্যালবামের গানগুলোতে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশ ও ভারতের শিল্পীরা। বাংলাদেশের শিল্পীদের মধ্যে আছেন সাবিনা ইয়াসমীন, রেজওয়ানা চৌধুরী বন্যা, লীনু বিল্লাহ, সুবীর নন্দী, কনকচাঁপা, অদিতি মহসীন, শহীদ কবির, জান্নাতি ফেরদৌস, বিমানচন্দ্র বিশ্বাস, দিদারুল করিমসহ অনেকে। আর ভারতীয় শিল্পীরা হলেন অজয় চক্রবর্তী, হৈমন্তী শুক্লা, রশীদ খান, কবির সুমন, শ্রীকান্ত, ইন্দ্রানী সেন, ব্রততী বন্দ্যোপাধ্যায়, লোপামুদ্রা মিত্র, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, রূপঙ্কর, মনোময় ভট্টাচার্য, রাঘব চট্টোপাধ্যায়, অন্তরা চৌধুরীসহ অনেকে। প্রশিক্ষণের দায়িত্বে ছিলেন মাহমুদ সেলিম, পরিকল্পনা ও সহকারী প্রশিক্ষক ছিলেন ফারাহ দিনা গুঞ্জন। সংগীত পরিচালনা করেছেন অমিত বন্দ্যোপাধ্যায়।মোস্তফা জাহিদ খান বলেন, প্রথম অ্যালবামটিতে ছিল তেভাগা আন্দোলন, স্বদেশি আন্দোলন, ব্রিটিশবিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন, ছয় দফা আন্দোলন ও মুক্তিযুদ্ধ নিয়ে রচিত গান। তবে জাগরণের গান ২ অ্যালবামে রয়েছে গণসংগীত ও দেশের গান।‘জাগরণের গান উৎসব’ নিয়ে মোস্তফা তৌহিদ খান বলেন, ১০ ডিসেম্বর শিখা চিরন্তনে উৎসব শুরু হবে সকাল ১০টায়। মাঝে তিন ঘণ্টার বিরতি। এরপর অনুষ্ঠান চলবে রাত নয়টা পর্যন্ত। অনুষ্ঠানে গান করতে অ্যালবামের সঙ্গে যুক্ত ভারতের ১৮ জন শিল্পী ঢাকায় আসছেন। তা ছাড়া বাংলাদেশের শিল্পীরাও গান করবেন। থাকবে একক ও দলীয় পরিবেশনা। আরও থাকবে নৃত্য পরিবেশনা। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই।এবারের অ্যালবামটি উৎসর্গ করা হয়েছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ও কলাকুশলীদের উদ্দেশে। উৎসবে তাঁদের সংবর্ধনা জানানো হবে।