আবার ‘জোছনা ও জননীর গল্প’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘জোছনা ও জননীর গল্প ধারাবাহিকটি আবার শুরু করার পরিকল্পনা করেছি। বছর দুয়েক আগে নাটকটির তিনটি পর্ব বিটিভিতে দেখানো হয়েছিল। এরপর আমিই তা বন্ধ করে দিয়েছিলাম। শুরুটা আবার শুরু থেকেই করছি। এখন তো আমার নতুন ছবি ঘেটুপুত্র কমলার কাজ শুরু করছি। ইচ্ছা আছে, এটা শেষ করেই নাটকটার কাজ শুরু করব।’ বললেন হুমায়ূন আহমেদ। নিজের জোছনা ও জননীর গল্প উপন্যাস নিয়ে তিনি ধারাবাহিক নাটক তৈরি করছেন। এর আগে ২০০৮ সালে প্রথম ধারাবাহিকটির নির্মাণকাজ শুরু হয়। তিনটি পর্ব প্রচারও হয়েছিল। তখন বিমানবন্দর এলাকায় স্থাপিত লালন ভাস্কর্য ভাঙার প্রতিবাদে হুমায়ূন আহমেদ বিটিভি থেকে নাটকটি প্রত্যাহার করে নেন। হুমায়ূন আহমেদ আরও বলেন, ‘এবার শীতেই কাজটা শুরু করব। আর বিটিভিতেই দেওয়ার ইচ্ছা আছে। তবে নাটকটির শিল্পীর তালিকা পরিবর্তন করা হবে।’বিটিভির উপমহাপরিচালক কামরুন্নেসা হাসান বলেন, ‘এরই মধ্যে হুমায়ূন আহমেদের সঙ্গে যোগাযোগ করেছি। তাঁকে আবার নাটকটি তৈরি করার জন্য অনুরোধ করেছি। তিনি রাজি হয়েছেন। এ বছর ডিসেম্বর মাস থেকেই আমরা ধারাবাহিকটির প্রচার শুরু করতে চাচ্ছি। এর আগে আমি যখন উপমহাপরিচালক ছিলাম, তখন এই ধারাবাহিকটির প্রচারের পরিকল্পনা করি। তিনটি পর্ব প্রচারও হয়েছিল। পুরো গল্পটি মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে। এ সময়ের জন্য জোছনা ও জননীর গল্প ধারাবাহিকটির যথেষ্ট গুরুত্ব রয়েছে।’ধারাবাহিকটির ব্যাপারে কথা হয় হুমায়ূন আহমেদের স্ত্রী শাওনের সঙ্গে। তিনি বলেন, ‘আমরা চাই ২৬ মার্চ থেকে ধারাবাহিকটির প্রচার শুরু হোক। আর তা শেষ হবে ১৬ ডিসেম্বরের মধ্যে।’