আবার 'ডলস হাউস'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডলস হাউস ২: সাতটি তারার তিমির নাটকের অভিনয়শিল্পীরা
ডলস হাউস ২: সাতটি তারার তিমির নাটকের অভিনয়শিল্পীরা

ডলস হাউস ধারাবাহিকের কথা মনে আছে? বছর সাতেক আগে নিয়মিত প্রচার হতো এটিএন বাংলায়। পরিচালক ছিলেন আফসানা মিমি ও বদরুল আনাম সৌদ। ডলস হাউস ছিল নয়জন নারীর গল্প—তাদের বন্ধুত্ব, আড্ডা, হাসি-কান্না, ব্যক্তিগত ও পারিবারিক জীবন, দুঃখ-কষ্ট, হতাশা, সম্ভাবনা, মান-অভিমান আর খুনসুটি নিয়ে।
আবার তৈরি হচ্ছে ধারাবাহিক নাটক ডলস হাউস। তবে এবার নাটকটি তৈরি হচ্ছে এই প্রজন্মের সাত বন্ধুর গল্প নিয়ে। নাম ডলস হাউস ২: সাতটি তারার তিমির।
ডলস হাউস ২: সাতটি তারার তিমির ধারাবাহিকের চিত্রনাট্য লিখেছেন নজরুল ইসলাম। পরিচালনা করছেন আফসানা মিমি ও রাকেশ বসু। আর সাত বন্ধুর চরিত্রে অভিনয় করছেন সানজিদা প্রীতি, মৌটুসী বিশ্বাস, মৌসুমী হামিদ, মুমতাহিনা টয়া, শর্মিমালা, স্বর্ণা ও জয়িতা মহলানবীশ।
আফসানা মিমি জানান, মৃত্তিকা, সাগুফতা, নন্দিনী, অপর্ণা, জেবা, তমা আর রুমানা সাত বন্ধু। স্কুলজীবনে সবচেয়ে আনন্দময় সময়গুলো একসঙ্গে কাটিয়েছিল। স্কুলে তাদের কমন নাম ছিল ‘সেভেন সামুরাই’। কেউ কেউ আবার ডাকত ‘সপ্তাহ’ কিংবা ‘রংধনু’ বলে। আর তারা নিজেদের ডাকত ‘সপ্তর্ষি’ বলে। তারপর ধীরে ধীরে একজন একজন করে সবাই দূরে সরে যায়। বিচ্ছিন্ন হয়ে যায় সবাই। ব্যস্ত হয়ে পড়ে নিজেদের জীবন নিয়ে। বিদেশ থেকে এক বন্ধুর ফিরে আসা উপলক্ষে সমবেত হয় সাতজন। এখান থেকে আবার নতুন করে বন্ধুত্বের শুরু। কিন্তু সেই শৈশব-কৈশোরের মানুষগুলো এখন একেবারেই পাল্টে গেছে।
এটিএন বাংলায় আগামী শনিবার থেকে ধারাবাহিকটির প্রচার শুরু হচ্ছে। এ উপলক্ষে গত রোববার সন্ধ্যায় রাজধানীর এক রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। এখানে উপস্থিত ছিলেন এটিএন বাংলার ঊর্ধ্বতন কর্মকর্তা আর নাটকের শিল্পী ও কলাকুশলীরা। এখানে জানানো হয়, শনি থেকে মঙ্গলবার রাত ১০টা ৫৫ মিনিটে দেখানো হবে ধারাবাহিকটি।