আবার 'দেবদাস' হচ্ছেন শাহরুখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘দেবদাস’ ছবির দৃশ্যে শাহরুখ খান
‘দেবদাস’ ছবির দৃশ্যে শাহরুখ খান

প্রখ্যাত বাঙালি সাহিত্যিক শরত্চন্দ্র চট্টোপাধ্যায়ের ‘দেবদাস’ উপন্যাস অবলম্বনে ২০০২ সালে ছবি বানিয়েছিলেন সঞ্জয় লীলা বনশালী। ‘দেবদাস’ ছবিটির নাম ভূমিকায় ছিলেন শাহরুখ খান। ১১ বছর পর আবার তাঁকে দেবদাস চরিত্রে দেখা যাবে। তবে এবার বড়পর্দায় নয়, নকিয়া লুমিয়া মুঠোফোনের নতুন একটি বিজ্ঞাপনচিত্রে দেবদাসরূপে হাজির হতে যাচ্ছেন বলিউডের অন্যতম জনপ্রিয় এ তারকা অভিনেতা।
শিগগির বিজ্ঞাপনচিত্রটির শুটিংয়ে অংশ নেবেন ‘বলিউড বাদশাহ’ শাহরুখ। ধুতি-কুর্তা ও শাল জড়িয়ে পুরোপুরি বাঙালি সেজে ক্যামেরার সামনে দাঁড়াবেন তিনি। দেবদাস চরিত্রটির অবিচ্ছেদ্য অংশ হলো মদের বোতল। হাতে মদের বোতল ছাড়া চরিত্রটিকে কল্পনাই করা যায় না। বিজ্ঞাপনচিত্রটিতেও মদের বোতল হাতে দেখা যাবে শাহরুখকে। সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে জিনিউজ।
‘দেবদাস’ ছবিটি মুক্তি পাওয়ার পর দারুণ সাড়া ফেলেছিল বলিউডে। ছবিটির প্রধান তিনটি চরিত্র দেবদাস, পার্বতী ও চন্দ্রমুখী চরিত্রে অভিনয় করেছিলেন যথাক্রমে শাহরুখ খান, ঐশ্বরিয়া রাই বচ্চন ও মাধুরী দীক্ষিত। অন্যান্য চরিত্রে ছিলেন জ্যাকি শ্রফ, কিরণ খের, দিনা পাঠক প্রমুখ।