আবার ‘ফিরে চল মাটির টানে’
চ্যানেল আইয়ের ‘ফিরে চল মাটির টানে’ আয়োজনে এবার অংশ নিচ্ছেন ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের চারজন শিক্ষার্থী। আমনের মৌসুমে কাজ করবেন এই শিক্ষার্থীরা। এই আয়োজনের উদ্যোক্তা শাইখ সিরাজ বললেন, ‘চ্যানেল আইয়ের ‘হূদয়ে মাটি ও মানুষ’ অনুষ্ঠানের একটি উদ্যোগ ‘ফিরে চল মাটির টানে’। দ্বিতীয়বারের মতো এই কার্যক্রমের আয়োজন করা হচ্ছে। নাগরিক শিক্ষার্থীদের কৃষি উৎপাদন, এর বাজারব্যবস্থা ও শ্রম সম্পর্কে ব্যবহারিক শিক্ষা দেওয়াই এর উদ্দেশ্য।’গতকাল মঙ্গলবার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রায় হাজারখানেক ছাত্রছাত্রীর মধ্য থেকে বিশেষ পরীক্ষার মাধ্যমে বাছাই করা হয় আটজনকে। প্রাথমিকভাবে নির্বাচিত শিক্ষার্থীরা হলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাজিদ ইফতেখার রহমান, তাসনিম বিনতে বাকী, কাজী সিরাজুস সালেহীন ও রাইসা আফ্রিদা এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ওয়াকিল আহমেদ, ফারিয়া সিমির মৃদিলা, খাদিজা ইসলাম ও সাকলায়েন রেজা করীম। তাঁদের মধ্য থেকে চূড়ান্তভাবে নির্বাচিত চারজনকে ৮ জুলাই মানিকগঞ্জের এক প্রত্যন্ত গ্রামে নিয়ে যাওয়া হবে। সেখানে শুরু হবে তাঁদের দুই দিনের কৃষকজীবন।এর আগে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের চারজন শিক্ষার্থী ‘ফিরে চল মাটির টানে’ আয়োজনে অংশ নেন।