আবার 'সুচিত্রা সেন' হতে চান পাওলি দাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাওলি দাম। ছবি: প্রথম আলো
পাওলি দাম। ছবি: প্রথম আলো

ভারতের বাংলা ছবির সবচেয়ে জনপ্রিয় নায়ক উত্তমকুমারের জীবনের গল্প নিয়ে একটি টিভি সিরিয়াল হয়। প্রযোজনা করেছে ভেঙ্কটেশ ফিল্মস। স্টার জলসায় প্রচারিত এই সিরিয়ালের নাম ‘মহানায়ক’। সেখানে ‘সুচিত্রা সেন’ চরিত্রে অভিনয় করেন পাওলি দাম, ভারতের এ সময়ের অন্যতম আলোচিত নায়িকা। সিরিয়ালটিতে উত্তমকুমারের জীবনের নানা বিতর্কিত দিক তুলে ধরা হয়। পাশাপাশি যাঁদের সঙ্গে উত্তমকুমারের ঘনিষ্ঠতা ছিল, সিরিয়ালে ছিল তাঁদের গল্পও। সবকিছু মিলিয়ে খুব সমালোচিত হয় সিরিয়ালটি। যাঁরা উত্তমকুমার এবং তাঁর সঙ্গে ঘনিষ্ঠজনদের পছন্দ করেন, ভালোবাসেন, তাঁদের কেউই মেনে নিতে পারেননি তা। তাঁরা চাননি উত্তমকুমারের মৃত্যুর এত বছর পর সেই বিষয়গুলো নিয়ে আবার আলোচনা হোক।

এরই মধ্যে ভারতের বাংলা ছবির বরেণ্য নায়িকা সুচিত্রা সেনের বায়োপিক তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। যাঁরা এ ব্যাপারে আগ্রহী হচ্ছেন, তাঁরা যোগাযোগ করছেন এই ‘মহানায়িকা’র পরিবারের লোকজনের সঙ্গে। তবে কোনো ঘোষণা এখনো শোনা যায়নি। যাঁরা সুচিত্রা সেনের বায়োপিক তৈরি করতে চেয়েছেন, তাঁদের কাছে ‘সুচিত্রা সেন’ চরিত্রের জন্য প্রথম পছন্দ রাইমা সেন। এদিকে বড় পর্দায় ‘সুচিত্রা সেন’ হতে চেয়েছেন পাওলি দাম। ভারতের এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি তেমনই বলেছেন। স্টার জলসায় ‘মহানায়ক’ সিরিয়ালে ‘সুচিত্রা সেন’ চরিত্রের নাম ছিল ‘সুচরিতা সেন’। এই চরিত্রে পাওলি দামের অভিনয় খুব প্রশংসিত হয়। অনেকেই সুচিত্রা সেনের সঙ্গে তাঁর যথেষ্ট মিল খুঁজে পান।

পাওলি দাম। ছবি: সংগৃহীত
পাওলি দাম। ছবি: সংগৃহীত

‘মহানায়ক’ সিরিয়ালের প্রচার শুরু হওয়ার আগে পাওলি বলেন, ‘উত্তেজনা তো হচ্ছেই। নার্ভাসও লাগছে। আমি ইচ্ছে করে শুটিংয়ের আগে সুচিত্রা সেনের কোনো ছবি দেখিনি। সিরিয়ালটির পর্ব পরিচালক বিরসা দাশগুপ্তের সঙ্গে আলোচনা করে সুচিত্রা সেনের কিছু বিশেষ দিক আমার মধ্যে রাখার চেষ্টা করেছি। অনেক দিন পর টিভিতে কাজ করছি। প্রচুর সংলাপ বলতে হচ্ছে। আর “সুচরিতা সেন” এত জটিল একটা চরিত্র, সেটা ঠিক করে তুলে ধরা আমার কাছে দারুণ চ্যালেঞ্জিং মনে হচ্ছে।’

গত বছর ৪ ডিসেম্বর বিয়ে করেছেন পাওলি দাম। দীর্ঘদিন প্রেমের পর গুয়াহাটির ছেলে ব্যবসায়ী অর্জুন দেবের সঙ্গে তিনি বিয়ের সিদ্ধান্ত নেন। বিয়ের পর নায়িকাদের ভক্ত কমে যায়, তা মানতে চাননি পাওলি দাম। বললেন, ‘আমার মনে হয়, এটা মান্ধাতা আমলের কথা। এখন বিদেশে তো বটেই, দেশেও এমন উদাহরণ অনেক আছে। বিয়ের পর অভিনয়ে আসার উদাহরণও আছে।’

জানালেন, অভিনয়ের ব্যাপারে শ্বশুরবাড়ির লোকজন তাঁকে উৎসাহ দেন। বললেন, ‘শাশুড়ির কাছ থেকে বেশি সমর্থন পাচ্ছি। আমার শাশুড়ি ফিকির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি নারীদের ক্ষমতায়ন নিয়ে কাজ করেছেন।’ সংসার সামলানো নিয়ে বললেন, ‘অভিনয় আর সংসার একসঙ্গে সামলানো মোটেই সহজ ব্যাপার নয়। সবার সমর্থন পাচ্ছি, তাই পারছি। আসলে জীবন শিখিয়ে দেয়, কীভাবে ব্যালেন্স করতে হয়।’

পাওলি দাম। ছবি: সংগৃহীত
পাওলি দাম। ছবি: সংগৃহীত

পাওলি দামের কাজের বড় সমালোচক ছিলেন তাঁর মা। এবার জানালেন, সমালোচক হিসেবে মায়ের পাশাপাশি যুক্ত হয়েছেন তাঁর স্বামী অর্জুন দেব। কাজ ভালো হলে তিনি প্রশংসা করে, না হলে কড়া সমালোচনা।

বছর সাতেক আগে ‘ছত্রাক’ ছবিতে অভিনয় করেন পাওলি দাম। ওই সময় ছবিটির ক্লিপিং বেরিয়েছিল। তা দেখে অনেকেই এই নায়িকার সমালোচনা করেন। তাঁর পাশে এসে দাঁড়িয়েছিলেন ঋতুপর্ণ ঘোষসহ আরও কয়েকজন। ছবিটি পরে ভারতে আর মুক্তি দেওয়া হয়নি। সেই ছবি নিয়ে এত বছর পর পাওলি দাম বললেন, ‘আমি এটাকে অভিজ্ঞতা হিসেবে দেখেছি। এই অভিজ্ঞতা আমাকে মানুষ হিসেবে শক্ত অবস্থান দিয়েছে। ছবিটি কান চলচ্চিত্র উৎসবে অফিশিয়ালি সিলেক্ট হয়। কান আমার জীবনের সেরা মুহূর্ত। তাই বলতে পারি, “ছত্রাক” ছবির সঙ্গে যুক্ত হতে পেরে আমি গর্বিত।’

পাওলি দাম। ছবি: সংগৃহীত
পাওলি দাম। ছবি: সংগৃহীত

পাওলি জানান, ‘ছত্রাক’ ছবিটি দেখেছেন অর্জুন দেব। এরপর তাঁর কী প্রতিক্রিয়া হয়েছিল? বললেন, ‘ও ছবিটি দেখেছে। এমন ছবি এখানে কী করে তৈরি হলো, তা দেখে ও ভীষণ অবাক। ছবির পরিচালক বিমুক্তি জয়াসুন্দর। তিনি শ্রীলঙ্কার। আসলে “ছত্রাক” সবার পক্ষে বানানো সম্ভব ছিল না। বিমুক্তি বলেই বানাতে পেরেছেন।’

আর ছবিটি মুক্তি না দেওয়ার ব্যাপারে বললেন, ‘এটা প্রযোজকের ব্যাপার। আমাদের কাজ ছিল অভিনয় করা।’