আবারও অনুদানের ছবিতে বাপ্পারাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছর দেলোয়ার জাহান ঝন্টুর অনুদানের ছবি ‘হেডমাস্টার’-এ অভিনয় করার কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি। কিন্তু এবারে ঠিকই আরেকটি অনুদানের ছবিতে কাজ করতে যাচ্ছেন বাপ্পারাজ। ছবিটির নাম ‘কাকতাড়ুয়া’। সেলিনা হোসেনের গল্প অবলম্বনে ছবিটি নির্মাণ করছেন ফারুক হোসেন। ছবিতে একজন মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করছেন বাপ্পারাজ। প্রথম আলো ডটকমকে বাপ্পারাজ বলেন, ‘শিল্পী হিসেবে সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই অনুদানের ছবিতে কাজ করি। ছবিটির গল্প ভালো, আমার চরিত্রটিও চমত্কার। তাই কাজটি করার সিদ্ধান্ত নিয়েছি।’বাপ্পারাজ আরও বলেন, কাকতাড়ুয়া ছবির শুটিং বেশ কয়েকদিন আগে শুরু হয়েছে। আমার শুটিংটা কয়েকদিন আগে করার কথা ছিল। কিন্তু আনুষঙ্গিক প্রস্তুতি না থাকার কারণে তা সম্ভব হয়নি। সামনের এপ্রিলে শুটিং শুরু হবে বলে জেনেছি।’ আজ ১১ মার্চ বাপ্পারাজের জন্মদিন। নিজের জন্মদিন কখনোই পালন করার সময় হয়ে ওঠে না তাঁর। বাপ্পা জানিয়েছেন, আজও সারাদিন পারিবারিক ও ব্যবসার কাজ নিয়ে ব্যস্ত আছেন তিনি। উল্লেখ্য, ২০০৫ সালে গাজী জাহাঙ্গীর পরিচালিত অনুদানের ছবি ‘জীবন সীমান্তে’ একজন নিপীড়িত যুবকের চরিত্রে অভিনয় করেছিলেন বাপ্পারাজ।