আবারও অভিনেতা ফারুকের শারীরিক অবস্থার অবনতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিত্সাধীন বাংলাদেশি চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ফারুকের শারীরিক অবস্থা গত দুই দিন ধরে আবারও অবনতির দিকে।শারীরিক অবস্থার অবনতি হলে গত বৃহস্পতিবার চলচ্চিত্র অভিনেতা ফারুককে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। হাসপাতাল থেকে আজ শনিবার প্রথম আলো ডটকমকে ফারুকের সহধর্মিণী ফারজানা পাঠান জানিয়েছেন, ‘ফারুকের অবস্থা কিছুটা ভালোর দিকেই ছিল, গত মাসের মাঝামাঝি সময়ে তাঁকে করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে সাধারণ কেবিনে স্থানান্তর করা হয়েছিল। সাধারণ কেবিনে কয়েক দিন বিশ্রামের পর আমাদের বাসাতে চলে যাওয়ারই কথা ছিল। কিন্তু হঠাত্ করেই মে মাসের শেষ সপ্তাহে তাঁর অবস্থার কিছুটা অবনতি হয়। সর্বশেষ গত পরশু ফারুকের ফুসফুসে আবারও পানি জমার বিষয়টি ধরা পড়ে। বিষয়টি নিয়ে আমরা সবাই বেশ চিন্তাতেই পড়ে গেলাম।’ফারজানা পাঠান আরও জানিয়েছেন, অ্যাপোলো হাসপাতালের চিকিত্সক কৃষ্ণা মোহন সাহু এবং শামস মনোয়ারের তত্ত্বাবধানে অভিনেতা ফারুকের চিকিত্সা চলছে। তাঁর দ্রুত আরোগ্য কামনা করে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন তিনি। উল্লেখ্য, ৭ মে সকালে হঠাত্ করেই ফারুক প্রচণ্ড শ্বাসকষ্ট অনুভব করেন। অবস্থার অবনতি হলে সেদিনই তাঁকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। চিকিত্সকেরা তাঁর শারীরিক অবস্থা জটিল মনে করায় সিসিইউতে ভর্তি করেন। ফারুক সর্বশেষ চলচ্চিত্রে অভিনয় করেছেন আজাদী হাসানাত ফিরোজের পরিচালনায় ‘ঘরের লক্ষ্মী’ ছবিতে। এ ছাড়া তাঁর দীর্ঘ এ অভিনয় জীবনে তিনি বহু চলচ্চিত্রে অভিনয় করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, ‘জলছবি’, ‘আবার তোরা মানুষ হ’, ‘লাঠিয়াল’, ‘সুজন সখী’, ‘নয়নমণি’, ‘সূর্যগ্রহণ’, ‘কৃষ্ণা’, ‘সারেং বৌ’, ‘গোলাপী এখন ট্রেনে’, ‘দিন যায় কথা থাকে’, ‘নাগরদোলা’, ‘সূর্য সংগ্রাম’, ‘দোস্তি’, ‘জনতা এক্সপ্রেস’, ‘মাটির পুতুল’, ‘পুনর্মিলন’, ‘জীবন সংসার’ ও ‘জীবন নিয়ে যুদ্ধ’।দীর্ঘ অভিনয়জীবনে একবারই জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন ফারুক। লাঠিয়াল ছবিতে অভিনয়ের জন্য ১৯৭৫ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতার পুরস্কার পান তিনি। এ ছাড়া মুক্তিযোদ্ধা এই অভিনয়শিল্পী বাচসাসসহ বিভিন্ন সংগঠনের কাছ থেকেও পুরস্কার পেয়েছেন। বর্তমান চলচ্চিত্র শিল্পী সমিতির প্রতিষ্ঠাতা সদস্য ফারুক বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্বও পালন করছেন।