আবারও অভিনয়ে মুহিন
ক্লোজআপওয়ান তারকা মুহিন প্রথম টিভি নাটকে অভিনয় করেন ২০০৭ সালে। নাম ‘ভালোবাসার লাল গোলাপ’। নাটকটিতে মুহিনের সহশিল্পী হিসেবে ছিলেন লারা লোটাস। এরপর ২০১০ সালে ক্লোজআপওয়ানের অনেকেই মিলে অভিনয় করেন ঘুড্ডি নামের আরেকটি এক ঘণ্টার নাটকে। তবে দুটি নাটকের কোনোটিই এখন পর্যন্ত টেলিভিশন দর্শকেরা দেখার সুযোগ পাননি। এর পরও গত সপ্তাহে একটি নাটকের শুটিং করলেন ক্লোজআপওয়ানের এই শিল্পী। নতুন শুটিং করা এ নাটকটির নাম ‘অতঃপর এমন দিনে তারে মনে পড়ে’। রচনা ও পরিচালনা করেছেন মুক্তাদির মাওলা।নাটকে দেখা যাবে, পার্থ বড়ুয়ার রুমমেট মুহিন। দুজনের বয়সের পার্থক্য থাকলেও একে অপরের সুখ-দুঃখের কথা ভাগাভাগি করেন বন্ধুর মতোই। প্রেমঘটিত কারণে পার্থ বড়ুয়া যখন মানসিকভাবে ভেঙে পড়েন, তখন জুনিয়র বন্ধু হিসেবে পাশে দাঁড়ান মুহিন। সিনিয়র বন্ধু পার্থ বড়ুয়াকে নানা পরামর্শ দেন। এরপর ঘটতে থাকে আরও অনেক ঘটনা। এভাবেই ‘অতঃপর এমন দিনে তারে মনে পড়ে’ নাটকের গল্প এগোতে থাকে। নাটকটি মুহিন ও পার্থ বড়ুয়া ছাড়া আরও অভিনয় করেছেন লাক্সতারকা বিন্দু।নাটকে অভিনয় প্রসঙ্গে মুহিন বলেন, ‘সংগীতে আমার অন্যতম একজন আদর্শ হলেন পার্থ বড়ুয়া। তাঁর সঙ্গে যখন অভিনয়ের প্রস্তাব পেলাম, তখন আসলে না করতে পারলাম না।’নাটকে নিয়মিত অভিনয় করার ইচ্ছা আছে নাকি? এমন প্রশ্নের জবাবে মুহিন বলেন, ‘সে রকম কোনো চিন্তা-ভাবনা আমার নেই। প্রথমত আমার পরিচয় গানের শিল্পী। তাই গানটাই আমার কাছে সবচেয়ে বেশি প্রাধান্য পাবে। তবে মাঝেমধ্যে যদি ভালো কোনো গল্প পাই, তাহলে অভিনয় টুকটাক করব।’এ ছাড়া মুহিন বর্তমানে তৃতীয় একক অ্যালবামের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। আগামী রোজার ঈদে অ্যালবামটি বাজারে ছাড়া হবে বলে জানান মুহিন নিজেই।