আবারও অশ্লীল দৃশ্যের চলচ্চিত্র প্রদর্শনীর অভিযোগ
আবারও অশ্লীল দৃশ্যের চলচ্চিত্রের প্রদর্শনী শুরু হয়েছে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা শহরের প্রেক্ষাগৃহে। স্থানীয় প্রশাসনের সহযোগিতা নিয়েই এসব ছবির প্রদর্শনী হওয়ার অভিযোগ পাওয়া গেছে। আপত্তিকর ছবির পোস্টার অবাধে প্রদর্শন করা হলেও প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না।১৯ আগস্ট গাজীপুর, ময়মনসিংহ, জামালপুর, টাঙ্গাইল জেলা শহরগুলোতে সরেজমিনে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া গেছে।জামালপুর জেলা সদরের মনোয়ার প্রেক্ষাগৃহে প্রদর্শন করা হচ্ছে জাল ছবিটি। এ ছবির পোস্টারে রয়েছে শিল্পীদের আপত্তিকর ছবি। গাজীপুর থেকে ময়মনসিংহ পর্যন্ত যেতে পথে যে প্রেক্ষাগৃহগুলো রয়েছে সেখানে ভয়াবহ, ওরা নিষিদ্ধ, বর্ডার, ভয়ংকর নারী, সোলজারসহ একাধিক চলচ্চিত্রের আপত্তিকর ছবির পোস্টার দেখা গেছে। জামালপুর থেকে মধুপুর হয়ে টাঙ্গাইল এবং সেখান থেকে ঢাকা আসার পথের ধারের প্রেক্ষাগৃহগুলোতেও দেখা গেছে একই দৃশ্য।তত্ত্বাবধায়ক সরকারের আমলে র্যাবের সদস্যদের নিয়ে টাস্কফোর্স গঠনের পর অশ্লীল দৃশ্য থাকার অভিযোগে কিছু ছবির বিরুদ্ধে স্থগিতাদেশ দেওয়া হয়। জানা গেছে, এখন সেসব ছবি আবার প্রদর্শন করা হচ্ছে।চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির সহসভাপতি খসরু বলেন, ‘আমরাও এ ব্যাপারে অভিযোগ পেয়েছি। প্রশাসনের সংশ্লিষ্ট বিভাগকে জানিয়েছি। সেন্সর বোর্ড ও তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বিষয়টি তুলেছি। কিছু অভিযান হয়েছে। আমরা আশা করব, এই অভিযান অব্যাহত থাকবে।’সেন্সর বোর্ডের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘কয়েকটি চলচ্চিত্রের ব্যাপারে আদালতে মামলা চলছে। তাই এ বিষয়ে কিছু বলা কঠিন। তবে অশ্লীল চলচ্চিত্র যেখানেই প্রদর্শন করার অভিযোগ পাওয়া যাচ্ছে, সঙ্গে সঙ্গে স্থানীয় প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হচ্ছে।’