আবারও অশ্লীল দৃশ্যের চলচ্চিত্রের প্রদর্শনী
‘বিশ্বকাপ ফুটবল খেলার সময় যখন সবার চোখ ছোট পর্দার দিকে, তখন কয়েকটি জেলা শহরের প্রেক্ষাগৃহে অশ্লীল দৃশ্যের চলচ্চিত্রের প্রদর্শনী হচ্ছে। এ অবস্থা চলতে থাকলে বাংলা চলচ্চিত্রকে আবারও যেতে হবে অন্ধকার যুগে।’ বললেন চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব শাহ আলম কিরণ। গত বৃহস্পতিবার এফডিসিতে এক আলোচনা অনুষ্ঠানে এসেছিলেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার এ কে এম শহীদুল হক। এ অনুষ্ঠানেই কথাগুলো বললেন তিনি।কিরণের এই অভিযোগের সত্যতা পাওয়া গেল এক দিন পরই। চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে জানানো হয়, অশ্লীল দৃশ্য প্রদর্শনের দায়ে ভয়াবহ ও দেখাও গুরু চলচ্চিত্র দুটি নিষিদ্ধ করা হয়েছে। জানা গেছে, ময়মনসিংহ ও টাঙ্গাইলের কয়েকটি প্রেক্ষাগৃহে অশ্লীল দৃশ্যের এই ছবি দুটি প্রদর্শন করা হয়। এদিকে দেশের আরও কয়েকটি জেলা শহরেই অশ্লীল দৃশ্যের চলচ্চিত্র প্রদর্শনের অভিযোগ পাওয়া গেছে। সেন্সর বোর্ড এবং বিভিন্ন জেলা শহরের প্রেক্ষাগৃহের বুকিং এজেন্টদের কাছ থেকে জানা গেছে, জামালপুর, নরসিংদী, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, গাইবান্ধা, রংপুর, ঠাকুরগাঁও জেলার বিভিন্ন থানা এলাকার প্রেক্ষাগৃহে অশ্লীল দৃশ্য জুড়ে দিয়ে চলচ্চিত্র প্রদর্শন করা হচ্ছে।একটি সূত্র থেকে জানা গেছে, র্যাবের অভিযানের সময় অনেক ছবির অশ্লীল দৃশ্য বিভিন্ন প্রেক্ষাগৃহে লুকিয়ে রাখা হয়েছিল। এ ছাড়া কিছু অসাধু প্রযোজক তাঁদের অশ্লীল দৃশ্যের ছবিগুলো বিভিন্ন প্রতিষ্ঠানের অফিস সহকারীদের কাছ বিক্রি করে দেন। এসব ছবিই এখন দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রেক্ষাগৃহগুলোতে প্রদর্শন করা হচ্ছে। এ ব্যাপারে চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির সহসভাপতি খসরু বলেন, ‘এসব ছবি যারা প্রদর্শন করছে, তাদের বারবার সতর্ক করেছি। এ ব্যাপারে আমরা সেন্সর বোর্ডের কর্মকর্তাদের ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি।’সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান সুরথ কুমার সরকার বললেন, ‘অশ্লীল ছবির বিরুদ্ধে সেন্সর বোর্ড এখনো কঠোর অবস্থানে আছে। প্রশাসনের সহযোগিতা নিয়ে বিভিন্ন জেলা শহরে অভিযান চলছে। যেখানেই খবর পাওয়া যাচ্ছে, সেখানেই স্থানীয় প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার জন্য বলছি।’