আবারও অ্যাডেলেকে চান বন্ড নির্মাতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্ড সিরিজের ‘স্কাইফল’ ছবির শীর্ষসংগীতে কণ্ঠ দিয়ে সেরা মৌলিক গান বিভাগে এ বছরের অস্কার ঘরে তুলেছেন ব্রিটিশ গায়িকা অ্যাডেলে। তাঁর এ সাফল্যে দারুণ খুশি বন্ড ছবির নির্মাতারা। বন্ড সিরিজের পরবর্তী ছবির শীর্ষসংগীতেও তাঁরা অ্যাডেলেকে চাইছেন বলে জানিয়েছে সান অনলাইন।অ্যাডেলে বন্ড সিরিজের পরবর্তী ছবিতে গান গেয়ে ‘স্কাইফল’ সাফল্যের পুনরাবৃত্তি ঘটাবেন—নির্মাতারা এমনটাই চাইছেন। মূলত, ‘স্কাইফল’ গানটি অস্কার পাওয়ার পরই এমন সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। কারণ, এর আগে জেমস বন্ড ছবির কোনো গানই পুরস্কৃত হয়নি। ‘স্কাইফল’ গানের অ্যালবাম যে পরিমাণ বিক্রি হয়েছে, তা বন্ড ছবির ইতিহাসে আগে কখনো ঘটেনি। গত বছর প্রকাশিত হওয়ার পর বিশ্বব্যাপী এ অ্যালবামের বিক্রি ৩০ লাখ কপি ছাড়িয়ে গেছে। এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ‘স্কাইফল’ গানের সাফল্যে দারুণ উচ্ছ্বসিত বন্ড ছবির প্রযোজকেরা। সিরিজের পরবর্তী ছবির গানে অ্যাডেলের অন্তর্ভুক্তি আবারও এমন সাফল্য বয়ে আনবে বলেই মনে করছেন তাঁরা। ডেম শার্লির মতো অ্যাডেলেকেও তাঁরা জেমস বন্ড ছবির সঙ্গে সম্পৃক্ত রাখতে চান। প্রসঙ্গত, বন্ড সিরিজের ‘গোল্ডফিংগার’ (১৯৬৪), ‘ডায়মন্ডস আর ফরএভার’ (১৯৭২) ও ‘মুনরেকার’ (১৯৭৯) ছবির গানে কণ্ঠ দিয়েছিলেন প্রখ্যাত ওয়েলস গায়িকা ডেম শার্লি।