আবারও আইটিআইয়ের বিশ্ব সভাপতি হলেন রামেন্দু মজুমদার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার দ্বিতীয়বারের মতো ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউটের (আইটিআই) বিশ্ব সভাপতি নির্বাচিত হয়েছেন। ৩৩তম বিশ্ব কংগ্রেসের সমাপনী দিনে আজ শনিবার রামেন্দু মজুমদারকে সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য এ পদে নির্বাচিত করা হয়। সুদানের আলী মাহাদি এবং সুইডেনের অ্যান মারি অ্যাংগেল সহসভাপতি নির্বাচিত হয়েছেন।গত বৃহস্পতিবার আইটিআইয়ের এক্সিকিউটিভ কাউন্সিলের নির্বাচন অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত নির্বাহী পরিষদে রয়েছেন বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, জার্মানি, জ্যামাইকা, চীন, ফুজায়রা (আরব আমিরাত), সুইডেন, ফিলিপাইন, সুইজারল্যান্ড, কোরিয়া, স্লোভেনিয়া, বুরকিনা ফাসো, নেদারল্যান্ডস, বেলজিয়াম, মেক্সিকো ও জাপানের প্রতিনিধিরা।১৯ থেকে ২৪ সেপ্টেম্বর চীনের শামেনে শামেন আন্তর্জাতিক সম্মেলন ও প্রদর্শনী কেন্দ্রে অনুষ্ঠিত হয় আইটিআইয়ের এই বিশ্ব কংগ্রেসে। এতে ৬৫ দেশের তিন শতাধিক প্রতিনিধি অংশ নেন।আইটিআইয়ের বাংলাদেশের সভাপতি আতাউর রহমানের নেতৃত্বে ২২ জনের একটি প্রতিনিধিদল বাংলাদেশ থেকে এই বিশ্ব কংগ্রেসে যোগ দেয়। প্রতিনিধিদলে আরও আছেন তিনজন তরুণ নাট্যকর্মী। তাঁরা দুটি কর্মশালায় অংশ নেন।রামেন্দু মজুমদার এর আগে ২০০৯-১১ সাল মেয়াদেও আইটিআইয়ের বিশ্ব সভাপতি ছিলেন।