আবারও আফজাল-সুবর্ণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের টিভি নাটকের সবচেয়ে আলোচিত জুটি আফজাল ও সুবর্ণা মুস্তাফা। শেষ তাঁরা দুজন একসঙ্গে অভিনয় করেছিলেন ‘শুধু তোমার জন্য’ নামের একটি নাটকে। তাও আবার ১২ বছর আগের কথা। ১২ বছর পর আবারও টেলিভিশন নাটকের সফল এই জুটি একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন। তাঁদের এবারের প্রযোজনাটির নাম ‘প্রেম বাঁচিতে জানে’। ঈদের জন্য নির্মিতব্য টেলিছবিটি লিখেছেন ফারিয়া হোসেন। আর পরিচালনা করবেন আরিফ খান।পরিচালক সূত্রে জানা গেছে, ১৩ জুলাই থেকে রাজধানীর বিভিন্ন লোকেশনে টেলিছবিটির শুটিং শুরু হবে। টেলিছবিটিতে আফজাল হোসেন অভিনয় করবেন একজন ব্যবসায়ীর চরিত্রে আর সুবর্ণা মুস্তাফাকে দেখা যাবে অধ্যাপিকার চরিত্রে। টেলিছবিটির একটা পর্যায়ে গিয়ে বেশ কিছু সমস্যা তৈরি হবে। তারপর নানা ঘটনার মধ্য দিয়ে প্রেম বাঁচিতে জানে টেলিছবির গল্প এগোবে।আফজাল হোসেন ও সুবর্ণা মুস্তাফাকে আবার জুটি করার ব্যাপারে আরিফ খান বলেন, এটা কিন্তু খুব সহজসাধ্য ব্যাপার ছিল না। গত তিন বছর ধরে চেষ্টা করার পর আফজাল হোসেন ও সুবর্ণা মুস্তাফাকে রাজি করানো সম্ভব হয়েছে। তবে গল্পটি তাঁরা দুজন খুব পছন্দ করেছেন।আরিফ খান এও বলেন, ‘আফজাল হোসেন ও সুবর্ণা মুস্তাফা কিংবদন্তি জুটি এটাকে কেউ দ্বিমত করবে বলে আমার মনে হয় না। এঁদের দুজনকে জুটি করে অভিনয় করানো যেকোনো নির্মাতার জন্য সৌভাগ্যের ব্যাপার। খুবই ভালো লাগছে। আশা করছি ভালো একটি কাজ সবাইকে উপহার দিতে পারব।আফজাল হোসেন ও সুবর্ণা মুস্তাফা একসঙ্গে জুটি হয়ে অসংখ্য টিভি প্রযোজনায় কাজ করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে—‘কূল নাই কিনার নাই’, ‘পারলে না রুমকী’, ‘জোহরা’, ‘ওহ দেবদূত’ ও ‘রক্তের আঙ্গুরলতা’। এ ছাড়া এক যুগ আগে আফজাল ও সুবর্ণা ‘হিতঙ্কর’ নামের একটি নাটকেও কাজ করেছিলেন। তবে সেটিতে তাঁরা জুটি ছিলেন না।বর্তমানে আফজাল হোসেন চ্যানেল আইয়ের জন্য ‘ছোটকাকু’ নামের একটি ধারাবাহিকের কাজ করছেন। অন্যদিকে সুবর্ণা মুস্তাফা নিজস্ব প্রোডাকশন হাউস থেকে দুটি ধারাবাহিকের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। নাটক দুটি হচ্ছে ‘গ্রন্থিকগণ কহে’ এবং ‘কানা সিরাজউদ্দৌলা ও কোমলবিবির অতিথিশালা’।