আবারও আফজাল-সুবর্ণা
কয়েক সপ্তাহের ব্যবধানে একসময়ের জনপ্রিয় জুটি আফজাল হোসেন ও সুবর্ণা মুস্তাফা আরেকটি টিভি নাটকে অভিনয় করছেন। নাটকটির নাম ‘চিকিত্সক রশীদ করিম ও তাঁর বিবাহবিষয়ক জটিলতা’। গত বৃহস্পতিবার থেকে নাটকটির শুটিং শুরু হয়েছে। নাটকটি নির্মাণ করছেন বদরুল আনাম সৌদ।নাটক প্রসঙ্গে সুবর্ণা মুস্তাফা বলেন, এটা পুরোপুরি হাসির একটা নাটক। সবাই বেশ মজা পাবে নাটকটি দেখে। তিনি বলেন, ‘এটা ঠিক যে অনেক দিন আমাদের একসঙ্গে অভিনয় করা হচ্ছিল না। শেষ অভিনয় করেছিলাম তৌকির আহমেদের “অরণ্যের সুখ-দুঃখ” নাটকে। দুজনের একসঙ্গে কাজ করতে না পারার অন্যতম কারণ ব্যস্ততা। এবারে এক যুগ পরে এসে টানা দুটি কাজ করে ফেললাম। দুটির গল্প দুই ধরনের।’চ্যানেল নাইনের জন্য নির্মিতব্য ‘চিকিত্সক রশীদ করিম ও তাঁর বিবাহবিষয়ক জটিলতা’ নাটকের অন্য অভিনয়শিল্পীরা হলেন বন্যা মির্জা, ওয়াহিদা মল্লিক জলি প্রমুখ।প্রসঙ্গত, এক যুগ পর আরিফ খানের ‘প্রেম বাঁচিতে জানে’ টেলিছবির মধ্য দিয়ে জুটি হয়ে অভিনয়ে ফেরেন আফজাল হোসেন ও সুবর্ণা মুস্তাফা।