আবারও আবিদের কণ্ঠে রবীন্দ্রসংগীত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবিদ কিন্তু রবীন্দ্রসংগীতেরই শিল্পী। তাঁর শেখার বিষয়টিও ছিল রবীন্দ্রসংগীত। অংশ নিয়েছেন জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের প্রতিযোগিতায় (২০০৪)। হয়েছেন প্রথম। তবে আবিদ সবার কাছে খুব পরিচিত হয়েছেন ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতার (২০০৫) মধ্য দিয়ে। এরপর ২০০৭ সালে প্রকাশিত হয় আবিদের গাওয়া রবীন্দ্রসংগীতের প্রথম অ্যালবাম এতো ভালোবাসি। পরেরটি ছিল আধুনিক গানের, ভালোবাসার প্রহর। এবার আবিদ তাঁর তৃতীয় অ্যালবামের কাজ করছেন। এবারও করছেন রবীন্দ্রসংগীত। অ্যালবামের নাম চূড়ান্ত করেছেন নব আনন্দে জাগো। আবিদ বললেন, ‘এবার আমি যে গানগুলো করছি, সেগুলোর সংগীতায়োজন একটু অন্য রকম হবে। গানগুলো করছি নতুন প্রজন্মের শ্রোতাদের জন্য। তাই তো অ্যালবামের নাম রেখেছি নব আনন্দে জাগো।’জানালেন, অ্যালবামে থাকছে ১০টি গান। সংগীত পরিচালনা করছেন মোস্তফা শাওন।