আবারও আলোচনায় হুমাইমা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়াসিম আকরাম-হুমাইমা মালিক
ওয়াসিম আকরাম-হুমাইমা মালিক

‘রাজা নটবরলাল’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক হয়েছে পাকিস্তানি মডেল ও অভিনেত্রী হুমাইমা মালিকের। ছবিতে ইমরান হাশমির সঙ্গে চুম্বন দৃশ্যে অভিনয় করে নিজের দেশে তোলপাড় তুলেছেন হুমাইমা। এবার তাঁর সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছে টাইমস অব ইন্ডিয়া। পাকিস্তানের তারকা ক্রিকেটার ওয়াসিম আকরামের সঙ্গে হুমাইমার প্রেম ছিল। এ ছাড়া সংবাদমাধ্যমটি জানিয়েছে, ১৮ বছর বয়সে নাকি একবার বিয়েও করেছিলেন হুমাইমা এবং বিয়ের দুই বছরের মাথায় বিচ্ছেদও ঘটেছিল।

প্রসঙ্গত, ভারতের পাশাপাশি পাকিস্তানে ২৯ আগস্ট মুক্তি পাচ্ছে ‘রাজা নটবরলাল’। ছবিটিতে হুমাইমার সহ-অভিনেতা ‘সিরিয়াল কিসার’খ্যাত বলিউডের অভিনেতা ইমরান হাশমি। বরাবরের মতো এই ছবিতেও তিনি সহ-অভিনেত্রীর সঙ্গে চুমুর দৃশ্যে অভিনয় করেছেন।

এ ছবিতে হাশমির সঙ্গে তিন তিনটি চুমুর দৃশ্যে অভিনয় করে এরই মধ্যে আলোচনায় এসেছেন হুমাইমা। এবার তাঁর সাবেক প্রেমিক, বিয়ে ও বিচ্ছেদের খবর প্রকাশিত হওয়ায় নিঃসন্দেহে আরও বেশি আলোচিত হবেন হুমাইমা।

মডেলিং থেকে অভিনয় জগতে নাম লেখানো হুমাইমা পাকিস্তানে বড় পর্দার পাশাপাশি ছোট পর্দায়ও দারুণ জনপ্রিয়। ২৩ বছর বয়সে ক্রিকেটার ওয়াসিম আকরামের (৪৮) সঙ্গে প্রেমের কথা স্বীকার করেছিলেন হুমাইমা। তখন মডেল ছিলেন তিনি। হুমাইমা বলেছিলেন, তাঁর প্রেমিকের বয়স ৪৫। বয়সের ব্যবধান কখনোই তাঁদের সম্পর্কে বাধা হয়ে দাঁড়ায়নি বলেও জানিয়েছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত অসম বয়সী এই জুটির প্রেম টেকেনি। পারস্পরিক সমঝোতার ভিত্তিতে সম্পর্কের ইতি টেনেছিলেন তাঁরা।

আর ওয়াসিম আকরামের প্রেমে পড়ার অনেক আগেই বিয়ে করেছিলেন হুমাইমা। তখন তাঁর বয়স ছিল মাত্র ১৮ বছর। তবে খুব বেশিদিন টেকেনি হুমাইমার সেই বিয়ে। বিয়ের দুই বছরের মাথায় বিচ্ছেদের পথে হেঁটেছিলেন তিনি।