আবারও ঈদ আনন্দ মেলায় আনজাম মাসুদ

কোরবানি ঈদ উপলক্ষে নির্মিতব্য বিটিভির ঈদ ‘আনন্দ মেলা’র দায়িত্ব পেয়েছেন আনজাম মাসুদ। অনুষ্ঠানটির গ্রন্থনা, পরিকল্পনা ও উপস্থাপনাও করবেন তিনি। আনজাম মাসুদ বলেন, ‘আনুষ্ঠানিকভাবে “আনন্দ মেলা” করার জন্য গতকালই বিটিভি কর্তৃপক্ষ আমাকে জানিয়েছে। সময় কম, তবুও চেষ্টা করব আগের চাইতে আরও বৈচিত্র্য আনতে।’
এবারের আনন্দ মেলায় কী কী থাকবে জানতে চাইলে তিনি বলেন, ‘পরিকল্পনার কাজটি শুরু করেছি মাত্র, আশা করছি আগামী তিন দিনের মধ্যে পুরো আয়োজন সাজিয়ে ফেলব। তবে এটা বলতে পারি, এবারের “আনন্দ মেলা”ও হবে তারকাবহুল। আর অবশ্যই দেশি শিল্পী, দেশি সংস্কৃতি উঠে আসবে পুরো আয়োজনে।’
প্রসঙ্গত, আনজাম মাসুদ ২০০৯ সালে প্রথম ‘আনন্দ মেলা’ করেন। এ পর্যন্ত পাঁচবার তিনি ‘আনন্দ মেলা’ গ্রন্থনা, পরিকল্পনা ও উপস্থপনা করেছেন। এর আগে তিনি বিটিভিতে ‘আজকাল’ নামে একটি ম্যাগাজিন অনুষ্ঠান গ্রন্থনা, পরিকল্পনা, উপস্থাপনা ও পরিচালনা করতেন।