আবারও উপস্থাপনায় মিমি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৬ সালে নিজের প্রযোজনা প্রতিষ্ঠান কৃষ্ণচূড়া থেকে ‘জীবনচর্চা’ নামের একটি ম্যাগাজিন অনুষ্ঠান নির্মাণ করেছিলেন অভিনেত্রী আফসানা মিমি। লাইফস্টাইল-ভিত্তিক ওই ম্যাগাজিন অনুষ্ঠানটির উপস্থাপনা করেছিলেন মিমি নিজেই। জীবনচর্চা নামের সে অনুষ্ঠানটি ২৬ পর্বে শেষ করা হয়। জীবনচর্চা অনুষ্ঠানটির পর আবারও উপস্থাপনায় আসছেন অভিনেত্রী ও নির্মাতা আফসানা মিমি। নতুন এ অনুষ্ঠানটির নাম ‘মনের কথা’। আগামীকাল থেকে অনুষ্ঠানটির দৃশ্য ধারণের কাজ শুরু হবে।আবারও উপস্থাপনা প্রসঙ্গে মিমি বলেন, ‘আমরা সাধারণত যে ধরনের অনুষ্ঠান উপস্থাপনা করে থাকি, মনের কথা তা থেকে পুরোপুরিই আলাদা। এটা একবারেই ভিন্নধর্মী একটি প্রয়াস বলতে পারেন। অনুষ্ঠানটির প্রযোজক শামীম শাহেদ যখন আমাকে প্রোগ্রামের ধরনটা বললেন, তখনই আমার কাছে বিষয়টি একেবারেই ভিন্নধর্মী মনে হয়েছে। তবে ব্যাপারটি কষ্টসাধ্য হবে বলে আমার মনে হচ্ছে। বলতে পারেন রীতিমতো ভয়ে আছি অনুষ্ঠানটা নিয়ে। শুটিং শুরু না করা পর্যন্ত বলতে পারছি না কী হতে যাচ্ছে আসলে।’এদিকে বাংলাভিশনের অনুষ্ঠান-প্রধান ও মনের কথার প্রযোজক শামীম শাহেদ বললেন, ‘এটি আমাদের চারপাশের কিছু অচেনা মানুষেকে নিয়ে নির্মিত হবে। এখানে তাঁরা নিজেদের মনের কথাগুলো আরেকজন বিশেষজ্ঞ অতিথির সঙ্গে শেয়ার করবেন। এর আগে “আমার আমি” এবং “আয়নাঘর” নামে আমার দুটি অনুষ্ঠান চ্যানেলে প্রচারিত হয়েছিল। আমি আসলে মনের কথা অনুষ্ঠানটির মাধ্যমে ওই ধরনের ঘরানা থেকে কিছুটা বেরিয়ে আসার চেষ্টা করছি।’প্রযোজক সূত্রে আরও জানা গেছে, প্রাথমিকভাবে ১০৪ পর্বে অনুষ্ঠানটি নির্মিত হবে। মনের কথা সপ্তাহের প্রতি বুধবার প্রচারিত হবে।