আবারও একসঙ্গে ইমন-আঁখি
শওকত আলী ইমন ও আঁখি আলমগীর—দুজনেই খুব ভালো বন্ধু। ইমনের সুরেই জীবনে প্রথম গানে কণ্ঠ দেন আঁখি। সর্বশেষ একক ‘তোমার চোখে’র চারটি গানের সুর ও সংগীত পরিচালনা করেন শওকত আলী ইমন। অ্যালবামটির ‘জল পড়ে পাতা নড়ে’ এবং ‘রঙের ঘুড়ি’ গান দুটি বেশ জনপ্রিয় হয়। এরই মধ্যে পরবর্তী একক অ্যালবামের কাজ শুরু করেছেন আঁখি আলমগীর। এবার আবারও একসঙ্গে কাজ করছেন তাঁরা দুজন। আঁখি জানান, আগামী ঈদে প্রকাশিতব্য তাঁর পরবর্তী একক অ্যালবামে মোট গান থাকবে নয়টি। পাঁচটি গানেরই সুর করছেন ইমন। শওকত আলী ইমন বলেন, ‘তোমার চোখে অ্যালবামের গানগুলোর মতো এবারও আঁখির জন্য ভিন্ন ধরনের কিছু গান তৈরি করছি। আশা করি এবারের গানগুলোও শ্রোতারা খুব পছন্দ করবেন।’ আঁখি আলমগীর বলেন, ‘ইমনের সঙ্গে কাজ করাটা আমি সব সময়ই বেশ উপভোগ করি।’ জানা গেছে, আঁখি আলমগীরের পরবর্তী অ্যালবামে কলকাতার একজন সংগীত পরিচালকের কাজ করার সম্ভাবনা রয়েছে।