আবারও ওজন কমাতে ব্যস্ত রানী
বলিউডের তারকারা ছবি-চরিত্রের প্রয়োজনে ক্ষণে মুটিয়ে যান তো ক্ষণে ওজন কমিয়ে সাইজ জিরো হন। সম্প্রতি ওজন কমাতে ব্যস্ত হয়ে পড়েছেন রানী মুখার্জী। চরিত্রের প্রয়োজনে ওজন কমানোর অভিজ্ঞতা রানীর জন্য নতুন নয়। এর আগে ‘দিল বোলে হাড়িপ্পা’ ছবির জন্য আট কেজি ওজন কমিয়েছিলেন তিনি। ‘মর্দানি’ ছবিতে এক পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করবেন বাঙালি বংশোদ্ভূত বলিউডের অভিনেত্রী রানী মুখার্জি। চরিত্রের প্রয়োজনে ১২ থেকে ১৩ কেজি ওজন কমাতে বলা হয়েছে তাঁকে। বিষয়টি জানার পরই ওজন কমানোর যুদ্ধে নেমে পড়েছেন ৩৫ বছর বয়সী এ তারকা অভিনেত্রী। গত দুই সপ্তাহে তিন কেজি ওজন কমিয়েছেন রানী। শরীরচর্চা প্রশিক্ষক সমীর জাউরার তত্ত্বাবধানে ওজন কমাতে ব্যস্ত সময় পার করছেন রানী। এ প্রসঙ্গে সমীর বলেন, ‘রানী ১২ থেকে ১৩ কেজি ওজন কমানোর লক্ষ্য নিয়ে দুই সপ্তাহ আগে প্রশিক্ষণ শুরু করেছেন। এরই মধ্যে তিন কেজি ওজন কমিয়ে ফেলেছেন তিনি।’ সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে ইন্দো-এশিয়ান নিউজ।মুক্তি প্রতীক্ষিত ‘ভাগ মিকা ভাগ’ ছবিতে বলিউডের অভিনেতা ও নির্মাতা ফারহান আখতারের পেশিবহুল শরীর গড়ে দেওয়ার দায়িত্ব নিয়েছিলেন সমীর। এ ছাড়া, ভারতীয় বক্সার ম্যারি কমের জীবনীভিত্তিক চলচ্চিত্রের নাম ভূমিকায় মানানসই রূপে নিজেকে তুলে ধরতে সমীরের কাছে প্রশিক্ষণ নিচ্ছেন সাবেক বিশ্বসুন্দরী ও বলিউডের অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া।যশরাজ ফিল্মসের ‘মর্দানি’ ছবির মাধ্যমে প্রথমবারের মতো পুলিশ কর্মকর্তা চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন রানী। ছবিটি পরিচালনার দায়িত্বে রয়েছেন ‘পরিনীতা’খ্যাত বলিউডের চলচ্চিত্র-নির্মাতা প্রদীপ সরকার। এর আগে বাঙালি বংশোদ্ভূত এ নির্মাতার পরিচালনায় ‘লাগা চুনরি মে দাগ’ ছবিতে অভিনয় করেছিলেন রানী মুখার্জি।