আবারও কাজল!
‘নাইসার সঙ্গী আসছে। কাজল দ্বিতীয়বারের মতো সন্তানের মা হতে যাচ্ছেন’ খবরটি পুরোনো। নতুন খবর হলো, প্রথমবার যেমন কাজল সবকিছু থেকে ছুটি নিয়ে ঘরেই বসে দিন কাটিয়েছিলেন, এবার কিন্তু তা নয়। করন জোহরের লাভ ইউ মা এবং নিজেদের প্রোডাকশনের তুনপুর কা সুপার হিরোর কাজে ব্যস্ত সময় কাটাচ্ছেন কাজল। কারণ কী? ‘আমি আগের চেয়ে অনেক শান্ত হয়েছি। ব্যক্তি হিসেবেও নিশ্চয় সমৃদ্ধ হয়েছি আগের চেয়ে। কুচ কুচ হোতা হ্যায় কিংবা কাভি খুশি কাভি গাম-এর সময় এত মনোযোগী ছিলাম না অভিনয়ে, এখন যতটা হয়েছি। আমার মনে হয়, তখন আমি অভিনয় পারতাম না। এখন কিছুটা হলেও পারি। অভিনয়ের মজাটা এত দিনে ধরতে পেরেছি। কাজের সঙ্গেই বন্ধুত্ব পাতিয়ে ফেলেছি। তাই বলে অবশ্য ঘর-সংসারও পেছনে ফেলছি না। আমার কাছে সব সময়ই প্রথম স্থানে আমার বাচ্চা, আমার সংসার।’ অভিনয়ের মজা যদি পেয়েই থাকেন, এত কম ছবিতে কাজ করা কেন? ২০০৬-এ ফানা, ২০০৮-এ ইউ মি ওর হাম, ২০১০-এ মাই নেম ইজ খান। প্রশ্ন শুনে তেড়ে আসেন কাজল। ‘আপনারা আমার কাছ থেকে আর কী চান? এ বছর আমার তিনটি ছবি মুক্তি পাচ্ছে। এর বেশি কাজ করা আমার পক্ষে সম্ভব নয়।’ সে না হয় বোঝা গেল, কিন্তু রাজকুমার হিরানির মতো পরিচালক, থ্রি ইডিয়টস-এর মতো ছবি, আমির খানের বিপরীতে অভিনয়—এই তিন লোভনীয় প্রস্তাব কেমন করে হাতছাড়া করতে পারলেন কাজল? ‘খুবই সহজ। আমাকে যে চরিত্রের প্রস্তাব দেওয়া হয়েছিল, সেখানে করার মতো কিছু পাইনি। যে চরিত্রটি করতে মন থেকে সায় পাব না, সে ছবি আমি করবও না। রাজকুমার হিরানি আমার দেখা ভালো মানুষের একজন। থ্রি ইডিয়টসও আমার দেখা গত বছরের সেরা ছবি। সেই সঙ্গে এটাও সত্যি, থ্রি ইডিয়টস না করতে পেরে এতটুকু দুঃখ নেই। রাজুকে বলেছি, মুন্না ভাই-৩-এ আমার উপযোগী চরিত্র লিখে প্রস্তাব দিতে। চোখ বন্ধ করে রাজি হয়ে যাব।’থ্রি ইডিয়টস-এ কাজলের ছেড়ে দেওয়া চরিত্রে কারিনা কাপুর অভিনয় করেছিলেন। সেই কারিনার সঙ্গে কাজল এখন হলিউডের স্টেপমম-এর রিমেক লাভ ইউ মাতে অভিনয় করছেন। কাজল বলেন, ‘কারিনার সঙ্গে এর আগেও তো করনের কাভি খুশি কাভি গাম করেছি। এ প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে কারিনার মধ্যে স্বতঃস্ফূর্ত অভিনয়ের স্কুলিংটা আছে। আই লাভ কারিনা।’আর শাহরুখ? ১৭ বছর ধরে কাজল-শাহরুখ জুটির নাম যেমন সবার মুখে মুখে, তেমনি শাহরুখ-অজয় দ্বন্দ্ব নিয়েও বলিউড মুখর থেকেছে সব সময়। ভাবলেশহীন অভিব্যক্তি কাজলের, ‘আসলে মানুষের কাজ নেই তো, তাই যত সব আজগুবি গল্প বানায়। অজয় যদি শাহরুখকে দেখতে না-ই পারত, আমি কি শাহরুখের সঙ্গে স্বচ্ছন্দে কাজ করতে পারতাম? অজয়কে দেশে রেখে শাহরুখের সঙ্গে নিউইয়র্কে শুটিং করতে পারতাম? আমি এসব গুজবে কান দিই না।’অজয়-কাজলের দাম্পত্য জীবনের এক যুগ পূর্তি হতে যাচ্ছে। এই সম্পর্কের পোস্টমর্টেম করার গুরুদায়িত্ব দেওয়া হয় কাজলকে। একবাক্যে সেরে দেন তিনি, ‘আমরা বেশ ভালো আছি।’ ভালো থাকার সংজ্ঞাটা কী, বিশ্লেষণ করুন! ‘সম্পর্ক নিয়ে আমাদের কোনো উচ্চাশা নেই। ভালোবাসা নিয়ে বাড়াবাড়ি নেই। অজয়কে আমি প্রায়ই স্পেস দিই। ও নিজের মতো বন্ধুদের নিয়ে দেশ-বিদেশে ঘোরে। আমাকেও যথেষ্ট সম্মান করে ও। আমি যখন কাজে ফেঁসে যাই, ও সব কাজ ফেলে সংসার, মেয়ের দেখাশোনা করে। সারাক্ষণ ভালোবাসি ভালোবাসি হয়তো বলা হয় না, তবে মাঝেমধ্যেই ও আমাকে রান্না করে খাওয়ায়, আমি ওর জন্য সোয়েটার বানাই—এসব ছোটখাটো বিষয়গুলোই আমাদের সম্পর্ককে গাঢ় করেছে।’ এ বছর এখন পর্যন্ত তো মাই নেম ইজ খান-ই সবচেয়ে বড় হিট ছবি। শাহরুখ-কাজল জুটির কোনো ছবিই কি কখনো ফ্লপ করবে না? ‘না!’ কাজলের স্বতঃস্ফূর্ত উত্তর। ‘আমার মতে, বাজিগর, করন অর্জুন, দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে, কুচ কুচ হোতা হ্যায়, কাভি খুশি কাভি গাম, মাই নেম ইজ খান-ছবিগুলোয় আমি কিংবা শাহরুখ না থাকলেও ছবিগুলো হিট হতো। একজন তারকা দর্শককে প্রথম দিন, বড়জোর দুই দিন টেনে আনতে পারে। কিন্তু ছবি সফল হয় ছবির গুণে। আমিও কাজল হতে পেরেছি সঠিকভাবে ছবি নির্বাচন করার কারণে। লোভ সংবরণ করার কারণে।’ ওয়েবসাইট অবলম্বনে