আবারও ক্যামেরন ঝড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আদার বেপারির জাহাজের খবর নেওয়া, অথবা ডাকাতের ছেলের কবি বনে যাওয়ার মতো ঘটনা আপনারা বিলক্ষণ শুনে থাকবেন। কিন্তু ট্রাকচালক থেকে সিনেমা নির্মাতা? সেও আবার যেনতেন নয়, খোদ হলিউড মুল্লুকের রাজা-বাদশাদের ঘরানার একজন? তাজ্জব বটে! সে বৃত্তান্তই আজ চট করে বলছি। তার আগে শুধু এটা বলতে পারি, এর পর থেকে কোনো আদার বেপারিকে জাহাজের খবর নিতে শুনে দাঁত কেলানোর আগে দ্বিতীয়বার ভাববেন আপনি।উড়ন্ত জঙ্গি বিমানের পিঠে চলছে নায়ক হ্যারি (আর্নল্ড শোয়ার্জনেগার) আর ভিলেন আজিজের মধ্যে শেষ ঢিসুমঢুসুম। ধস্তাধস্তির একপর্যায়ে মিসাইলের সঙ্গে ঝুলে পড়েছে ভিলেন। হ্যারি মিসাইল ছুড়ে দিতেই ধাঁই করে মিসাইলসহ ছুটে গেল পাজির পা ঝাড়া সন্ত্রাসী ভিলেন। তারপর আস্ত ভবনসহ সব ভেঙে চুরমার। ব্যস, ভিলেন আর সাঙ্গপাঙ্গদের খেল খতম! আবার টার্মিনেটর ছবির কথাই ধরুন। গুলিতে একদম ঝাঁঝরা হয়ে টুকরো টুকরো হয়ে গেছে বদমাশ যন্ত্রমানব। কিন্তু এ কী! দর্শকের চোখ কপালে তুলে দিয়ে আবার সে মাথা তুলে দাঁড়ায়। শরীরে একটা দাগও নেই! টার্মিনেটর, অ্যালিয়েন্স, টাইটানিক, ট্রু লাইজ এবং হালের অ্যাভাটার। নামগুলো শুনলেই কত শত রোমাঞ্চকর দৃশ্য চোখে ভাসে! চোখ ধাঁধানো প্রযুক্তি, অভাবনীয় দৃশ্য, বুকের ভেতর ঢোলের কাঠির শব্দ, দারুণ উত্তেজনায় লাফ দিয়ে ওঠা, আর সব শেষে হয়তো চোখ জলে ছলছল। হ্যাঁ, জেমস ক্যামেরন মানেই আদতে তা-ই।এসব দৃশ্যের পেছনের মানুষটাই জীবিকার জন্য একসময় হাতে তুলে নিয়েছিলেন ট্রাকের স্টিয়ারিং হুইল। মূলত কানাডার মানুষ তিনি। কলেজের লেখাপড়ার পাট চুকিয়ে সপরিবারে তাঁরা আমেরিকার ক্যালিফোর্নিয়ায় চলে আসেন আমাদের স্বাধীনতার বছরে। আপাদমস্তক বিজ্ঞানের ছাত্র হয়েও সবাইকে অবাক করে দিয়ে ফুলারটন কলেজে পড়ার জন্য ক্যামেরন বেছে নিলেন দর্শনশাস্ত্র। তারচেয়ে অবাক করা ব্যাপারটা ঘটল কয়েক দিন পর। লেখাপড়ায় ইস্তফা দিয়ে বসলেন জেমস। তারপর পেটের তাগিদে ট্রাক চালনা। আরও অনেক কিছু। কিন্তু মাথার মধ্যে সিনেমার পোকাটা ছিল। ১৯৭৭ সালে ট্রাক চালানোর ওই সময়েই একদিন দেখলেন স্টার ওয়ারস। সেটা দেখেই নতুন ভূত চাপল মাথায়। যে করেই হোক সিনেমা বানানো চাই। অতএব ট্রাক চালনা ফেলে লিখে ফেললেন ছোটখাটো একটা চিত্রনাট্য। রীতিমতো কল্পবিজ্ঞান কাহিনি। চেয়েচিন্তে জোগাড় হলো কিছু। সেটা দিয়েই মেটানো হলো ক্যামেরা ভাড়ার টাকা। ক্যামেরা কী করে চালাতে হয়, সেটা শিখতেই লেগে গেল অর্ধেক দিন। ক্ষান্ত দিলেন না তবুও। সেই শুরু, ধ্যানজ্ঞান সব এক করে চলল চেষ্টা। তারই জোরে ব্যাটল বিয়ন্ড দ্য স্টারস ছবিতে শিল্প নির্দেশকের কাজ। পিরানহা সিরিজের একটি ছবিতে কাজ করলেন স্পেশাল ইফেক্টের। শেষমেশ অবশ্য পুরো ছবিটা পরিচালনাই করতে হয়েছিল তাঁকে।এল ১৯৮৪ সাল। ভবিষ্যত্ দুনিয়া থেকে এসেছে ভয়ংকর এক যন্ত্রমানব। জেমস ক্যামেরনকে খুন করার জন্য হন্যে হয়ে ঘুরছে সে। এমন একটা দুঃস্বপ্নই দেখেছিলেন জেমস। সেই স্বপ্নে পাওয়া ভাবনা থেকেই জন্ম নিল ইতিহাস—দ্য টার্মিনেটর। অভাবনীয়ভাবে বক্স অফিস কাঁপিয়ে দিল অস্ট্রিয়ান এক বডি বিল্ডার, মানে আজকের আর্নল্ড শোয়ার্জনেগারকে কেন্দ্রীয় ভূমিকায় নিয়ে তৈরি করা সে ছবি। জেমস ক্যামেরনের বদলে যাওয়ার সেই তো শুরু। টার্মিনেটর শুধু নয়, বিশ্বজুড়ে দখলদারিত্ব কায়েম করল এর পরের পর্ব টার্মিনেটর-২। এর মধ্যে সাড়া ফেলল তাঁর আরও দুটো ছবি—অ্যালিয়েন্স আর দি অ্যাবিস।শুধু যন্ত্রমানব আর ভিনগ্রহের প্রাণী নিয়ে মাতামাতিতেই নয়, ভালোবাসার কাহিনিতেও তিনি গুরুস্থানীয়, সেটাই প্রমাণ করল টাইটানিক (১৯৯৭)। অস্কারে ঝড় তুলল টাইটানিক জাহাজের দুই দুর্ভাগা অভিযাত্রীর বিয়োগাত্মক কাহিনি। তারপর? কাহিনিচিত্রের দুনিয়া থেকে এক অর্থে লম্বা একটা ছুটি। হলিউডের জমজমাট উত্তেজনায় ভরপুর ছবির দর্শকেরা বুঝি ভুলতেই বসেছিলেন এই নির্মাতাকে। তারপর এল অ্যাভাটার (নামটা এসেছে হিন্দু ধর্মের ‘অবতার’ মানে মানুষরূপী দেবতা থেকেই) যুগ। সবচেয়ে দ্রুততম সময়ে এক বিলিয়ন ডলার আয়ের রেকর্ড করে ফেলেছে এই ত্রিমাত্রিক প্রযুক্তির ছবি। সব সংবাদমাধ্যমজুড়ে ধুমসে চলছে অ্যাভাটার বন্দনা। অভাবনীয় অগ্রসর প্রযুক্তি আর চিরায়ত মানবিক আবেগের ওপর ভর করে সবেগে বইছে আরও একটা জেমস ক্যামেরন ঝড়। বাংলাদেশেও যথারীতি চোরাই পথে চলে এসেছে ছবিটার দুর্বল আর ঝাপসা কিছু কপি। এই লেখার জন্য নানা ওয়েবসাইট ঘাঁটতে ঘাঁটতে জেমস ক্যামেরনের একটা কথা খুব মনে ধরে গেছে আমার। জেমস বলেছেন, একটা সময় ছিল—আমি রাস্তায় একটু আড়াল পেলে ট্রাক থামিয়ে ছবির চিত্রনাট্য লিখতে বসে যেতাম। কী সব দিন যে গেছে!অবাক লাগে না? বলুন?ইকবাল হোসাইন চৌধুরী (তথ্যসূত্র: ওয়েবসাইট)