আবারও গতি পেল 'মেন্টাল'

প্রায় আট মাস শুটিং বন্ধ হয়ে আটকে ছিল মেন্টাল ছবির কাজ। কিন্তু সম্প্রতি শাকিব খান-তিশা অভিনীত ছবিটির শুটিং শুরু হওয়ায় আবারও গতি ফিরে পেয়েছে মেন্টাল।
মেন্টাল ছবির সর্বশেষ শুটিং হয়েছিল এ বছরের ফেব্রুয়ারি মাসে। ছবির পরিচালক শামীম আহমেদ রনি জানিয়েছেন, ছবি তৈরির খরচ বেড়ে যাওয়ায় আর্থিক সংকটে পড়েছিল প্রযোজনা প্রতিষ্ঠানটি। আর এ কারণেই শুটিং বন্ধ হয়ে গিয়েছিল এ ছবির।
শামীম আরও বলেন, ‘আমরা যখন ছবির কাজ শুরু করি তখন একটা বাজেট ধরেই কাজটি শুরু করেছিলাম। ছবির প্রায় আশি ভাগ কাজও শেষ করে ফেলেছিলাম। কিন্তু শেষ পর্যায়ে এসে ছবির খরচ বেড়ে যাওয়ায় বাধ্য হয়েই শুটিং বন্ধ করতে হয়েছিল। নতুন করে আবারও বাজেট সংগ্রহ করে কাজ শুরু করতে যাচ্ছি। এখন বাকি আছে চারটি গান ও কয়েকটি দৃশ্যের কাজ।’ তিনি জানিয়েছেন, আগামী আগামী ২৭ সেপ্টেম্বর শুটিং শুরু হবে, শেষ হবে ১০ অক্টোবর। এই ধাপেই ছবির পুরো কাজ শেষ হয়ে যাবে।
বিষয়টি নিয়ে শাকিব খান বলেন, ‘আরও আগেই এ ছবির শুটিং শেষ হয়ে যেত। প্রযোজনা প্রতিষ্ঠানের আর্থিক জটিলতায় পড়ার কারণেই সে সময় শেষ করা যায়নি।’
এ প্রসঙ্গে তিশার বক্তব্যও তাই। তিনি বলেন, ‘আমাদের তো ‘সিডিউল’ দেওয়াই ছিল। কিন্তু প্রযোজনা প্রতিষ্ঠানের আর্থিক সমস্যার কারণে কাজটি সঠিক সময়ে করা হয়নি। এখন নতুন সিডিউলে শুটিং শুরু হচ্ছে।
পরিচালক জানিয়েছেন, নির্ধারিত সময়ে শুটিং শেষে ঈদুল আজহায় ছবিটি মুক্তি দেওয়ার কথা ছিল। কিন্তু এখন তা আর হচ্ছে না।’ তবে, তিনি বলেন, ‘নতুন করে সামনের ভালোবাসা দিবসে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়ার কথা চলছে।’
মেন্টাল ছবি দিয়েই চলচ্চিত্রে অভিনয়ে অভিষেক হচ্ছে সংগীতশিল্পী পড়শির। এখানে তিনি একজন সংগীতশিল্পীর ভূমিকাতেই অভিনয় করছেন। এ ছাড়া, ছবির একটি বিশেষ আইটেম গানে নাচবেন লাক্স তারকা মৌসুমী হামিদ।
মেন্টালে আরও অভিনয় করেছেন আঁচল, দেবাশীষ বিশ্বাস, মিশা সওদাগর, ডন, সুব্রত, ডিজে সোহেল প্রমূখ।