আবারও চলচ্চিত্রে মিম
লাক্স তারকা বিদ্যা সিনহা সাহা মিম আবার চলচ্চিত্রে অভিনয় করতে যাচ্ছেন। দেবাশিষ বিশ্বাসের কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনায় ছবিটির নাম হচ্ছে আমার মন বলে তুমি আসবে। মিম অভিনীত আগের দুটি চলচ্চিত্র হচ্ছে হুমায়ূন আহমেদ পরিচালিত আমার আছে জল এবং জাকির হোসেন রাজুর আমার প্রাণের প্রিয়া। নতুন ছবি সম্পর্কে মিম বলেন, ‘সম্প্রতি একটি অনুষ্ঠানে ছবিটির পরিচালক আমাকে তাঁর ছবিতে কাজ করার সরাসরি প্রস্তাব দেন। আমিও তাতে রাজি হই। আমি এমনিতেই তাঁর আগের কাজগুলোর সঙ্গে পরিচিত। তাঁর পরিচালনায় নির্মিত আগের ছবিগুলো দেখে কাজ করার আগ্রহ জন্মেছিল। এখন তা পূরণ হতে যাচ্ছে। দেবাশিষ বিশ্বাসের মতো পরিচালকের ছবিতে কাজ করার সুযোগ পেয়ে আমি আসলে খুবই খুশি। যত দূর জানি ছবিটি হবে গাননির্ভর। পুরোনো দিনের বেশ কিছু জনপ্রিয় গান ছবিটিতে নতুন করে উপস্থাপন করা হবে।’ মিম আরও জানান, আশা করি, খুব শিগগির ছবিটির কাজ শুরু হবে।এ ছাড়া এবারের ঈদে মিম অভিনীত প্রায় এক ডজনেরও বেশি নাটক বিভিন্ন চ্যানেলে প্রচারিত হবে।