আবারও চলচ্চিত্রের গানে চঞ্চল চৌধুরী
সম্প্রতি আরেকটি চলচ্চিত্রে গান গাইলেন জনপ্রিয় অভিনয়শিল্পী চঞ্চল চৌধুরী। ‘তোর ভেতরে আমি থাকি, আমার ভেতর তুই’ শিরোনামের গানটি ‘পিতা’ চলচ্চিত্রে ব্যবহূত হবে। ছবিটির পরিচালক মাসুদ আখন্দ। সম্প্রতি ইমন সাহার স্টুডিওতে গানের রেকর্ডিং সম্পন্ন হয়েছে। দ্বৈতকণ্ঠের এ গানে চঞ্চল চৌধুরীর সহশিল্পী মেহের আফরোজ শাওন।এ প্রসঙ্গে চঞ্চল চৌধুরী বলেন, ‘আমি পেশাদার অভিনেতা, কিন্তু পেশাদার কণ্ঠশিল্পী নই। গান করি শখের বশে। মাসুদ আখন্দের “পিতা” ছবির গানে কণ্ঠ দেওয়ার বিষয়টিও সে রকমই একটি ঘটনা। মূলত, এই ছবির সংগীতপরিচালক ইমন সাহার আগ্রহের কারণেই কণ্ঠ দিয়েছি। তবে গানটি গেয়ে আমার ভালো লেগেছে।’চঞ্চল চৌধুরী আরও বলেন, ‘প্রথম দিকে পরিচালক চেয়েছিলেন ওই ছবিতে আমি অভিনয় করি; পাশাপাশি একটি গানেও যেন কণ্ঠ দিই। কিন্তু নাটক ও অন্যান্য ব্যস্ততার কারণে তাতে শেষ পর্যন্ত অভিনয় করা সম্ভব না হলেও গানটি করেছি।’ গানটি প্রসঙ্গে চঞ্চল চৌধুরী বলেন, ‘সহজ কথা, সহজ সুর ও সহজ কম্পোজিশনের গান এটি। আমার বিশ্বাস, খুব সহজে গানটি সবার ভালো লাগবে।’চঞ্চল চৌধুরী প্রথম গান করেন গিয়াসউদ্দীন সেলিমের ‘মনপুরা’ ছবিতে। ওই ছবিতে চঞ্চল চৌধুরীর গান বেশ প্রশংসিত হয়। ‘পিতা’ ছবির বেশির ভাগ গানের সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা। আর একটি গানের সংগীত পরিচালনা করেছেন এরশাদ। এই ছবির অন্য গানগুলোতে কণ্ঠ দিয়েছেন মেহের আফরোজ শাওন, সায়ান, শাকিল, পান্থ কানাই, পলাশ, কনা ও তূর্য।