আবারও চলচ্চিত্রের গানে রুমী-পড়শী
আরফিন রুমি ও পড়শী এর আগে বেশ কয়েকটি ছবির গানে কণ্ঠ দিয়েছেন। ছবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো: নোমান রবিনের ‘কমনজেন্ডার’, হিমেল আশরাফের ‘ধানমন্ডি আট নম্বর’, স্বপন চৌধুরীর ‘লালটিপ’। আবারও তাঁরা দুজন চলচ্চিত্রের গানে কণ্ঠ দিতে যাচ্ছেন। আগামী সোমবার রুমীর নিজস্ব স্টুডিওতে গানটির ধারণকাজ করা হবে। ছবির নাম ‘পিতা পুত্রের গল্প’। পরিচালক কাজী হায়াৎ। ‘তুমি আছ আমি আছি, কাছাকাছি’ শিরোনামের গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুর ও সংগীতায়োজনও করছেন তিনি।জানা গেছে, ছবিতে রুমী ও পড়শীর গানের সঙ্গে ঠোঁট মেলাবেন কাজী মারুফ ও সাহারা।আরফিন রুমী বলেন, ‘“এই তো ভালোবাসার ছবির চিঠি” গানটি শুনে পরিচালক কাজী হায়াৎ আমাকে দিয়ে কাজ করার আগ্রহ পোষণ করেন। পরিচালকের কথামতো এবারই প্রথম মূল ধারার চলচ্চিত্রে গান করতে যাচ্ছি। চেষ্টা করছি, এ গানটিকে শ্রুতিমধুর করার।’পড়শী বলেন, ‘এর আগে বিভিন্ন অ্যালবামে রুমী (আরফিন রুমী) ভাইয়ের সঙ্গে গানে কণ্ঠ দিয়েছি। এবার একসঙ্গে কণ্ঠ দিতে যাচ্ছি। আগের গানগুলোর মতো এ গানটিও শ্রোতাপ্রিয় হবে বলে মনে করছি।’