আবারও জটিলতায়
মুম্বাইয়ের ডন হাজি মাস্তান ও কুখ্যাত দাউদ ইব্রাহিমকে নিয়ে নির্মিত ওয়ান্স আপন অ্যা টাইমস ইন মুম্বাই ছবিটি মুক্তি পাবে ৩০ জুলাই। মুক্তির আগেই ছবিটি নানা কারণে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এ জন্য আইনি জটিলতায়ও পড়তে হয়েছে প্রযোজক একতা কাপুরকে। হাজি মাস্তানের দত্তক ছেলে ও মেয়ের পর এবার ছবিটি নিয়ে আপত্তি তুলেছেন হাজি মাস্তানের বিধবা স্ত্রী সোনা মাস্তান। তাঁর আপত্তি স্রেফ ছবির একটি দৃশ্যকে নিয়ে। ছবিতে হাজি মাস্তান (অজয় দেবগন) নিভৃত কক্ষে রোমান্স করছে অবিবাহিত সোনার (কঙ্গনা রানাউত) সঙ্গে। হাজি মাস্তানের স্ত্রী অভিযোগ করেছেন, ‘বিয়ের আগে আমাদের দেখা হয়েছিল মাত্র একবার। হাজি মাস্তান অতীতের নায়িকা মধুবালাকে দারুণ পছন্দ করতেন। ছবির সেটেই তাঁর সঙ্গে আমার প্রথম দেখা হয়। আমার মধ্যে তিনি খুঁজে পান মধুবালাকে। দেরি না করে হাজি সাহেব আমার মায়ের সামনেই বিয়ের প্রস্তাব দেন। এর পরই পারিবারিকভাবে আমাদের বিয়ে হয়।’ ‘তাহলে বিয়ের আগে রোমান্স করলাম কোথায়’—এ প্রশ্নই তুলেছেন হাজি মাস্তানের স্ত্রী। শুধু তা-ই নয়, ছবির ওই দৃশ্য বাদ না দিলে আইনি-ব্যবস্থা নেবেন বলেও তিনি একতা কাপুরকে হুমকি দিয়েছেন।