আবারও জেমস ক্যামেরনের দিন
এবারের অস্কারে যে আবারও একটা জেমস ক্যামেরন-ঝড় আসছে, সেটা এখন সম্ভবত অনুমান করা আর কঠিন নয়। অস্কারের আগাম সংকেত হিসেবে খ্যাত গোল্ডেন গ্লোব আসর আরেক দফা নিজের করে নিলেন জেমস ক্যামেরন। সামনের সারির দুটো পুরস্কারই গেছে তাঁর দখলে। সেরা ছবি (ড্রামা) অ্যাভাটার এবং সেরা পরিচালক জেমস ক্যামেরন। খুব স্বাভাবিকভাবে তাই ফিরে আসছে ১২ বছর আগেই সেই টাইটানিক ছবির স্মৃতি। ক্যামেরনের টাইটানিক একইভাবে মাত করেছিল শুরুতে গোল্ডেন গ্লোব এবং পরে অস্কার আসর। দ্য ব্লাইন্ড সাইড স্যান্ড্রা বুলকের জন্য বয়ে এনেছে আরও একটি আনন্দ সংবাদ। ক্রিটিকস চয়েস পুরস্কারের পর ‘ড্রামা’ বিভাগে সেরা অভিনেত্রীর গোল্ডেন গ্লোবও গেছে তাঁর ঘরে। সুসংবাদ মেরিল স্ট্রিপ-ভক্তদের জন্যও। জুলিয়া জুলিয়া ছবিতে অভিনয়ের সুবাদে ‘মিউজিক্যাল এবং কমেডি’ বিভাগের সেরা অভিনেত্রী তিনি। অন্যদিকে, একই বিভাগে সেরা অভিনেতা রবার্ট ডাউনি জুনিয়র (শার্লক হোমস)। সেরা অভিনেতা (ড্রামা) জেফ ব্রিজেস। ক্রেজি হার্ট ছবিতে অভিনয় তাঁকে এনে দিয়েছে এই সম্মান। ক্রিটিকস চয়েস পুরস্কারের মতো এখানেও যথারীতি ইনগ্লোরিয়াস বাস্টার্ডস ছবিতে অভিনয় করে ক্রিস্টফ ওয়ালটজ পেয়েছেন সেরা পার্শ্ব অভিনেতার পুরস্কার। কান উত্সবের পর গোল্ডেন গ্লোবেও বিজয় অস্ট্রিয়ার মাইকেল হানেকির। স্বর্ণ পাম জেতার পর গোল্ডেন গ্লোবে ভিনদেশি ছবির বিভাগেও সেরা ছবি তাঁর দ্য হোয়াইট রিবন। ওয়েবসাইট।