আবারও জেল, আবারও সাজা পেলেন লিন্ডসে
গত বছরের জুনে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে অল্পের জন্য প্রাণে বেঁচেছিলেন লিন্ডসে লোহান। পরে পুলিশের কাছে মিথ্যে তথ্য দেওয়ায় মামলা ঝুলছিল তাঁর মাথার ওপর। সম্প্রতি সে মামলায় সাজা হিসেবে তাঁকে ৫ দিনের কারাদণ্ডসহ তিন মাস রিহ্যাবে অবস্থান, এক মাস কমিউনিটি সার্ভিস এবং ১৮ মাস মানসিক চিকিৎসা নেওয়ার আদেশ দিয়েছেন লস অ্যাঞ্জেলেস আদালত। সাজা হিসেবে পাঁচ দিন জেলের ঘানি টানার পাশাপাশি টানা তিন মাস সার্বক্ষণিকভাবে রিহ্যাবে কাটাতে হবে লিন্ডসেকে। কোনো কারণেই রিহ্যাব ছেড়ে যেতে পারবেন না তিনি।এ ছাড়াও যে কোনো ধরনের মাদক এবং অ্যালকোহল থেকে তাঁকে দূরে থাকতে বলেছেন বিচারক জেমস ডেবনি। শুধু তাই নয়, মাদক বিক্রেতা এবং লিন্ডসের যেসব বন্ধু মাদকে আসক্ত তাঁদের কাছ থেকেও দূরে থাকার জন্য হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিচারক জেমস। জানিয়েছে ইয়াহু নিউজ। মামলা আর সাজা যেন লিন্ডসের জীবনের অবিচ্ছেদ অংশ। এখন পর্যন্ত উলটা-পালটা নানা কাণ্ড ঘটিয়ে বেশ কয়েকবারই মামলা আর সাজা পেয়েছেন অঘটনঘটনপটীয়সী এ তারকা। মাদকাসক্তি, বুনো জীবন-যাপনসহ নেতিবাচক নানা কর্মকাণ্ডের কারণে হলিউডের প্রবলেম সেলিব্রেটি তকমাও বসেছে তাঁর নামের পাশে। মাঝে শোধরানোর চেষ্টা করলেও, আবারও পুরোনো পথেই হাঁটতে শুরু করেছেন এ ‘মিন গার্লস’ তারকা।