আবারও জেলে ফজলুর রহমান বাবু!

ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু। এর আগেও তিনি বহু নাটকে অভিনয় করেছেন ধীবর বা জেলে চরিত্রে। আগামী ঈদের জন্য ‘সে হয়তো হিমাদ্রির প্রেম’ নামের একটি নাটক নির্মাণ করেছেন সাজ্জাদ সুমন। এখানেও জেলে চরিত্রে দেখা যাবে জনপ্রিয় এই অভিনেতাকে।
সেতু আরিফের গল্প ও চিত্রনাট্যে এ নাটকের প্রধান তিন চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, কল্যাণ এবং লাক্স তারকা প্রসূন আজাদ।
‘সে হয়তো হিমাদ্রির প্রেম’ নাটকের গল্পে সমুদ্রের তীরে এক জেলের মেয়ের প্রেমে পড়েন শহর থেকে আসা এক আলোকচিত্রী। প্রেমে পড়ার পর ঘটতে থাকে মজার সব ঘটনা।
নাটকটিতে অভিনয় প্রসঙ্গে অভিনেতা ফজলুল রহমান বাবু বলেন, ‘আমি এর আগেও অনেকবার জেলে চরিত্রে অভিনয় করেছি। প্রতিটি নাটকের চরিত্র ও গল্প এক না হওয়ায় কখনোই এই চরিত্র আমার কাছে বিরক্তিকর মনে হয়নি। আমি বাস্তবেও মাছ ধরতে অনেক পছন্দ করি। তাই এই চরিত্রে আবারও কাজ করতে পেরে অনেক ভালো লেগেছে।’
এদিকে নাটকটি সম্পর্কে পরিচালক সাজ্জাদ সুমন বলেন, ‘পুরো নাটকের শুটিং হয়েছে কক্সবাজারের বিভিন্ন মনোরম জায়গায়। আমরা টানা তিন দিন এর শুটিং করেছি। কাজটি করতে গিয়ে সবাইকে অনেক পরিশ্রম করতে হয়েছে। আশা করছি, নাটকটি দেখে দর্শকরা নির্মল আনন্দ পাবেন।’
নির্মাতা সূত্রে জানা গেছে, ‘সে হয়তো হিমাদ্রির প্রেম’ নাটকটি ঈদে একটি স্যাটেলাইট টিভি চ্যানেলে প্রচারিত হবে।