আবারও ঢাকাই ছবির গানে শান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবারও ঢাকাই ছবির গানে কণ্ঠ দিলেন ভারতের জনপ্রিয় গায়ক শান। ৭ জুন মুম্বাইয়ে শানের নিজস্ব স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। আবদুল আজিজের কথায় আহমেদ হুমায়ুনের সুর ও সংগীতে ‘শুধু তুই শুনবি তাই’ শিরোনামের গানটি ‘অগ্নি’ ছবিতে ব্যবহূত হবে।১১ জুন মঙ্গলবার দুপুরে প্রথম আলো ডটকমের সঙ্গে এ প্রসঙ্গে কথা হয় শানের। তিনি বলেন, ‘বাংলাদেশের ছবিতে আমার খুব একটা গান করা হয়নি। সব মিলিয়ে ছয়-সাতটি হবে। গত সপ্তাহে হুমায়ুনের সংগীতে “অগ্নি” ছবির গানটি গাইলাম। মিষ্টি প্রেমের গান। এখন সাধারণত ছবির গানগুলো যেমন হয় আর কি। গানটি শুনে সবারই ভালো লাগবে।’প্রথমবারের মতো শানের সঙ্গে কাজ করা প্রসঙ্গে সুরকার হুমায়ুন বলেন, ‘আমি শানের মতো শিল্পীর সঙ্গে কাজ করতে পেরে গর্বিত। তিনি শুধু বলিউড নয়, এই উপমহাদেশের শিল্পীদের মধ্যে অন্যতম। মেলোডিনির্ভর এ গানটির সংগীত আমি তাঁকে ভেবেই করেছিলাম। বলা যায় আমার স্বপ্ন পূরণ হয়েছে।’ইফতেখার চৌধুরী পরিচালিত ‘অগ্নি’র শুটিং এরই মধ্যে শুরু হয়েছে। গানটিতে পর্দায় ঠোঁট মেলাবেন আরেফিন শুভ।উল্লেখ্য, শান সর্বশেষ ঢাকার ‘ভালোবাসা জিন্দাবাদ’ ছবির জন্য গান করেন। গানটির সংগীত পরিচালক শওকত আলী ইমন আর ছবিটির পরিচালক দেবাশীষ বিশ্বাস। এর মধ্যেই ‘ভালোবাসা জিন্দাবাদ’ ছবিটির শুটিং শেষ হয়েছে।