আবারও ঢাকার মঞ্চে 'দ্য টেম্পেস্ট'

আবারও ঢাকার মঞ্চে আসছে ঢাকা থিয়েটারের নাটক ‘দ্য টেম্পেস্ট’। আগামী শনিবার সন্ধ্যা সাতটায় জাতীয় নাট্যশালায় মঞ্চস্থ হবে ‘দ্য টেম্পেস্ট’ নাটকটি। দীর্ঘ ১০ মাস পর নাটকটি আবার মঞ্চস্থ হতে যাচ্ছে।
২০১৩ সালের ৯ জুন কলকাতার চন্দননগরে রবীন্দ্রভবনে আন্তর্জাতিক নাট্যোত্সবে মঞ্চায়িত হয় ‘দ্য টেম্পেস্ট’।
‘দ্য টেম্পেস্ট’ প্রসঙ্গে নাটকটির পরিকল্পক ও নির্দেশক নাসির উদ্দীন ইউসুফ বলেন, বিষয়ের দিক থেকে ‘দ্য টেম্পেস্ট’ শেকসপিয়ারের অন্য নাটকগুলোর চেয়ে বেশ আলাদা ধরনের। বিস্ময়করভাবে ৪০০ বছরেরও অধিককাল আগে শেকসপিয়ার ব্রিটিশ উপনিবেশের নিপীড়ন-নির্যাতন উপলব্ধি করেছিলেন এবং অত্যন্ত সাহসের সঙ্গে ‘দ্য টেম্পেস্ট’-এ প্রকাশও করেছেন।
নির্দেশনা প্রসঙ্গে নাসির উদ্দীন ইউসুফ বলেন, ‘আমার নির্দেশনার মূল লক্ষ্য ছিল ঔপনিবেশিকতার শিকার মানুষের ক্ষোভ-সংগ্রামকে সম্যক উদ্ভাসিত করা। সেলিম আল দীনের দ্বৈতাদ্বৈতবাদ তত্ত্বের আলোকে তা করার প্রয়াস নিয়েছি। শেকসপিয়ারের মতো মহত্ কবি এবং নাট্যকারের শক্ত গাঁথুনির পঞ্চাঙ্কের নাটককে অনায়াসে আমাদের নাট্যরীতি ও ভাষায় মঞ্চায়ন সম্ভব।’
নাসির উদ্দিন ইউসুফ আরও বলেন, ‘“দ্য টেম্পেস্ট” ভিন্ন আঙ্গিক ও রীতির প্রয়োগে যে একটি ভিন্নধর্মী প্রযোজনা, তা দর্শকমাত্রই স্বীকার করবেন। এ নাট্যপ্রযোজনা যদি নতুন নাট্যনির্দেশক, অভিনয়শিল্পীদের নতুন ভাবনার দ্বার খুলে দেয়, তবেই আমাদের পরিশ্রম সার্থক হবে।’
‘দ্য টেম্পেস্ট’ নাটকের গল্পে রাজত্ব থেকে নির্বাসিত হলেন মিলানের অধিপতি প্রসপেরো। শিশুকন্যা মিরান্ডার সঙ্গে প্রসপেরোকে ভাসিয়ে দেওয়া হয় সমুদ্রের জলে। ভাসতে ভাসতে বহু দূরে এক দ্বীপে গিয়ে আশ্রয় নেয় তারা। দেখতে দেখতে কেটে যায় ১২টা বছর। হঠাত্ একদিন মাঝসমুদ্রে দুর্নিবার ঝড়ের কবলে পড়ে প্রসপেরোর শত্রুপক্ষের জাহাজ। ভাগ্যের পরিহাসে জাহাজডুবি হয়ে তারা এসে পৌঁছায় সেই একই দ্বীপে। নির্বাসন, প্রতিশোধ, ক্ষমা ও প্রায়শ্চিত্তের সঙ্গে নাটকের উপাদানে যোগ হয় মায়াবিদ্যা ও অতিপ্রাকৃতিক জৈবশক্তি।